
আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন নেদারল্যান্ডস। ঘোষিত দলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে লিভারপুল তারকা জেরেমি ফ্রিম্পংয়ের বাদ পড়া। চোটজনিত সমস্যার কারণে এই ডিফেন্ডারকে দলে রাখা হয়নি। তবে ইনজুরি কাটিয়ে শেষ সময়ে দলে ফিরেছেন ডাচদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেম্ফিস ডিপাই।
উরু ও হাঁটুর চোট থেকে সেরে উঠে ডিপাইয়ের পাশাপাশি স্কোয়াডে ফিরেছেন জাস্টিন ক্লাইভার্ট এবং আর্সেনালের হয়ে প্রিমিয়ার লীগ জয়ী ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গে এবার দলে জায়গা পেয়েছেন টিম্বারের ভাই কুইন্টেন টিম্বারও।
এদিকে ওয়েস্ট হ্যামের উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তরুণ এই ফুটবলারের প্রশংসা করতে গিয়ে নেদারল্যান্ডসের কোচ কোম্যান বলেন, ‘ওর গতি এবং রক্ষণাত্মক নির্ভরযোগ্যতা দুর্দান্ত।’
অন্যদিকে, চোটের কারণে এপ্রিলে মাঠের বাইরে ছিটকে পড়া জাভি সিমন্সকে বিশ্বকাপ দলে পাচ্ছে না নেদারল্যান্ডস। একই কারণে বাদ পড়েছেন রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার স্টেফান ডি ভ্রি ও মাতাইস ডি লিট। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে লুটশাইরেল গিয়ারত্রুইদা ও ইয়ান মাটসেনকে।
তিনবারের বিশ্বকাপ রানার্স-আপ নেদারল্যান্ডসের শিরোপা সম্ভাবনা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন কোম্যান। তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই লড়বো, তবে অন্যান্য পরাশক্তিদের শক্তি সম্পর্কেও আমি সচেতন। কোনো কিছুই অসম্ভব নয় এবং আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাব। আমাদেরকে হারানো কঠিন হবে।’
বিশ্বকাপ চলাকালে পুরোপুরি প্রস্তুতিতে মনোযোগ ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্তও জানিয়েছেন ডাচ কোচ।
গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুইডেন, জাপান ও তিউনিসিয়া।
ক্রিফোস্পোর্টস/২৮মে২৬/এনডি




















