
২ বলে মাত্র ৬ রান দরকার। ১৮৫ রানের বিশাল লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিল নেপাল। কিন্তু শেষ মুহূর্তে এসে আর পারলো না। গড়া হলো না ইতিহাস, লেখা হলো না নেপালি রূপকথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে মাত্র ৪ রানে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুকের ঝড়ো ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে রোহিত পাউডেল, দীপেন্দ্র আইরি ও লোকেশ ব্যামের ব্যাটিংয়ে ১৮০ রানে থামে নেপালের ইনিংস।
আইসিসির কোনো পূর্ণাঙ্গ দেশের বিরুদ্ধে এভাবে চোখে চোখ রেখে নেপাল লড়াই করবে এটা বোধহয় ইংলিশরা ভাবেনি। লুক উড, জোফরা আর্চার ও আদিল রশিদের মতো বোলারদের বেধড়ক পিটিয়ে ১৮০ রান তুলে নিজেদের শক্তির জানানই দিলো নেপালিরা। শেষ ওভারে ১০ রানের কোটা পূরণ করতে পারলে হয়তো গল্পটা ভিন্ন হতো। কিন্তু তা আর হয়নি।
সি গ্রুপের ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৬ রান করেন বাটলার, ৩৫ বলে ৫৫ রান আসে জ্যাকব বেথেলের ব্যাট থেকে। ৩২ বলে ৫৩ রান করেন হ্যারি ব্রুক। আর ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন উইল জ্যাকস।
জবাবে নেপাল বেশ ভালো শুরু করে। ৩.২ ওভারে ওপেনিং জুটি থেকে আসে ৩৭ রান। দ্বিতীয় উইকেট জুটি ফ্লপ হলেও তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন দীপেন্দ্র সিং আইরি ও রোহিত পাউডেল। দুই রানের ব্যবধানে এই দুজন ফেরার পর হঠাৎ ব্যাকফুটে চলে যায় নেপাল।
ওপেনার কুশল ভুরতেল ১৭ বলে ২৯ রান করেন। বড় জুটি গড়ার পথে ৩৪ বলে ৩৯ রান করেন রোহিত পাউডেল এবং দীপেন্দ্র সিং আইরি ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর শেষদিকে ২০ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দল জেতানোর চেষ্টা করেন লোকেশ বাম।
তবে হারলেও নেপালের যে শক্তি নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের। জাস্ট একটা ছক্কা হাঁকালেই ঘুরে যেতো খেলার ফলাফল। এই গ্রুপে নেপালের সাথে আরও ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও ইতালির বিরুদ্ধে।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৬/এনজি



























