
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে হিমালয়ের ক্রিকেট পাগল দেশ নেপাল। ২০১৪ বিশ্বকাপে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল নেপাল। এর পর কেটে যায় দীর্ঘ ১২ বছর। বিশ্বকাপের দুই জয়ের মধ্যে এত দীর্ঘ সময়ের ব্যবধান আর কোনো দলের নেই।
এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড ১৭১ রানের লক্ষ্য দেয় নেপালকে। ওপেনার মাইকেল জোনসের ৭১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৭০ রান সংগ্রহ করে স্কটিশরা।
রান তাড়া করতে নেমে এক সময় চাপে পড়েছিল নেপাল। শেষ ৫ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। তবে নেপালের ত্রাতা হয়ে আসেন ২০২৪ সালে এক ওভারে ৬ ছক্কা মারা দীপেন্দ্র সিং ঐরী। বিশেষ করে ইনিংসের ১৬তম ওভারে মাইকেল লিসকের ওপর চড়াও হন তিনি। সেই ওভারে দুই ছক্কা ও এক চারে ২০ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। মাত্র ২৩ বলে ঝোড়ো ফিফটি করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ম্যাচসেরা ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেওয়া গুলশান ঝা ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। ১৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল।
নেপালের জন্য এই জয়টি ছিল আবেগঘন। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে এবং চলতি আসরে ইংল্যান্ডের কাছে ৪ রানে হেরে জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল তাদের। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সেই আক্ষেপ মেটাল নেপাল।
ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৬/এসএ



























