
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলেও চুক্তির পুরো টাকা এখনো পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। পাওনা অর্থ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তিনি।
নাসুমের দাবি, চুক্তি অনুযায়ী তাঁর মোট পারিশ্রমিকের অর্ধেক পরিশোধ করা হলেও বাকি ৩৫ লাখ টাকা এখনো দেওয়া হয়নি। এ নিয়ে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও কথোপকথনের রেকর্ড প্রকাশ করে দলের মালিকপক্ষের কাছে পাওনা অর্থ দাবি করেন।
এক পোস্টে নাসুম প্রশ্ন তোলেন, তাঁর প্রাপ্য টাকা আদৌ দেওয়া হবে কি না। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, জীবিত অবস্থায় টাকা পাবেন, নাকি মৃত্যুর পর পরিবারের হাতে তা পৌঁছাবে, সেটি যেন অন্তত জানানো হয়।
সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর প্রতিও বার্তা দিয়েছেন নাসুম। তিনি জানান, বড় ভাই হিসেবে বিষয়টি দেখার অনুরোধ করেছেন, যাতে তাঁর পাওনা অর্থ বুঝে পেতে পারেন।
গত বিপিএলে নাসুমের পারফরম্যান্স ছিল দারুণ। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর সেরা বোলিং ছিল ৭ রানে ৫ উইকেট, আর পুরো আসরে তাঁর রান খরচের গড় ছিল খুবই নিয়ন্ত্রিত।
এর আগে সিলেট টাইটান্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অর্থ পরিশোধের প্রক্রিয়ায় জটিলতার জন্য নাসুম নিজেই দায়ী। তবে এবার প্রকাশ্যে তথ্য-প্রমাণ তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই বাঁহাতি স্পিনার।
পাওনা অর্থ নিয়ে প্রকাশ্যে এমন অভিযোগে আবারও বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্রিফোস্পোর্টস/৫মে২৬/টিএ





















