Connect with us
ফুটবল

মেসিকে আটকে দিল ন্যাশভিল, জিততে পারল না মায়ামি

Miami
গোলহীন মেসি। ছবি: সংগৃহীত

ন্যাশভিলের বিপক্ষে আগের ছয় ম্যাচে টানা গোল করেছিলেন লিওনেল মেসি। তবে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন তারকা। তার গোল বা সহায়তা কোনোটিই না থাকায় ম্যাচটিও শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

আজ বৃহস্পতিবার ভোরে ন্যাশভিলের মাঠে উত্তর ও মধ্য আমেরিকার ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয় দুই দল। কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি শেষ হয়েছে শূন্য–শূন্য সমতায়। ফলে কোয়ার্টার ফাইনালে উঠবে কে, তা নির্ধারিত হবে দ্বিতীয় লেগে। সেই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে নিজেদের মাঠে ন্যাশভিলকে স্বাগত জানাবে মায়ামি।

এই ম্যাচে মেসি একটি শট নেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ম্যাচের ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে নেওয়া তার শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক। এটাই ছিল মেসির একমাত্র লক্ষ্যে থাকা শট। গত বছরের ২৯ নভেম্বরের পর এটিই তার সবচেয়ে কম লক্ষ্যে থাকা শটের ম্যাচ। সেদিন নিউইয়র্ক সিটির বিপক্ষে পূর্বাঞ্চলীয় ফাইনালে তার কোনো শট লক্ষ্যে ছিল না, যদিও তিনি একটি গোলে সহায়তা করেছিলেন। সেই ম্যাচে ৫–১ ব্যবধানে জিতেছিল মায়ামি।



গোল না পেলেও বল দখলে এগিয়ে ছিল সফরকারী মায়ামি। তারা ম্যাচে ৫৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং মোট ৫টি শট নেয়, যার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্বাগতিক ন্যাশভিল আক্রমণে বেশি সক্রিয় ছিল। তারা ১১টি শট নেয় এবং এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে।

ম্যাচের ৬৫তম মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পায় ন্যাশভিল। ক্রিস্টিয়ান এসপিনোজার কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড নেন রিড বেকার-হোয়াইটিং। তবে বল ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে এগিয়ে যাওয়া হয়নি তাদের।

এর আগে ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন মেসি। ওই সময় তিনি করেন ১২টি গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও ৫টি গোল। তবে সাম্প্রতিক সময়ে মেসির গোল পাওয়া কিছুটা কমেছে। গত ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৩–০ ব্যবধানে হারের ম্যাচেও গোল পাননি তিনি। সব মিলিয়ে শেষ চার ম্যাচের মধ্যে দ্বিতীয়বার গোল বা সহায়তা ছাড়াই মাঠ ছাড়তে হলো তাকে।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল