Connect with us
ক্রিকেট

বিসিবির গেম ডেভেলপমেন্টে পরিবর্তনের আভাস, আলোচনায় নান্নু

Minhajul Abedin Nannu
সাবেক প্রধান নির্বাচক নান্নু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও একাধিক দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। গেম ডেভেলপমেন্ট বিভাগকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নাম সামনে এসেছে।

সবশেষ বোর্ড নির্বাচনের পর গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ইসতিয়াক সাদেক। তবে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলে নতুন করে সেই দায়িত্ব দেওয়া হয় আসিফ আকবরকে। অন্যদিকে, এই বিভাগের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এখন পরিস্থিতি বদলাতে যাচ্ছে। বাশারকে আবারও জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও সবকিছু প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে। এই ঘোষণা হয়ে গেলে গেম ডেভেলপমেন্ট বিভাগের কার্যক্রম পরিচালনার পদটি খালি হয়ে যাবে।



এই শূন্য পদে কাকে আনা হবে, তা নিয়েই এখন আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বর্তমানে বিসিবির কর্মসূচি সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং আগে দীর্ঘ সময় জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নান্নুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রস্তাব পেলে তিনি সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। তার মতে, গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং এই জায়গায় কাজ করা চ্যালেঞ্জিংও।

উল্লেখ্য, নান্নু ও বাশার দুজনই একসময় বিসিবির নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২৪ সালের শুরুতে তাদের সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় গাজী আশরাফ হোসেন লিপুকে। তার সঙ্গে করা চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কথা।

নির্বাচক প্যানেল থেকে সরানোর পর বাশারকে প্রথমে নারী দলের সঙ্গে কাজের দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি গেম ডেভেলপমেন্ট বিভাগে যুক্ত হন। এখন আবারও প্রধান নির্বাচকের ভূমিকায় ফেরার পথে তিনি।

সবকিছু মিলিয়ে বিসিবিতে আবারও একাধিক পদে পরিবর্তন আসতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা এলেই পুরো চিত্রটি পরিষ্কার হবে। তবে ভেতরে ভেতরে যে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে, তা এখন স্পষ্ট।

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট