
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে কোনোমতে শতরান তুলে গুটিয়ে গেছে শাহিন আফ্রিদির দল।
আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে ১১৪ রান তুলে অলআউট হয়েছে পাকিস্তান। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন নাহিদ রানা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাসকিন ও মুস্তাফিজকে খেলে যাচ্ছিলেন দুই অভিষিক্ত ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তবে পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন নাহিদ রানা। বোলিংয়ে এসেই ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার। ব্যাকওয়ার্ড পয়েন্টে আফিফের কাছে ক্যাচ দিয়ে ফেরেন ফারহান। অভিষেক ম্যাচে ৩৮ বলে ২৭ রান করে ফেরেন এই ওপেনার।
এরপরেই মিরপুরে চলতে থাকে নাহিদ রানা ধ্বংসলীলা। পরের চার ওভারে আরও চারটি উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন এই পেসার। ১২তম ওভারে তার দ্বিতীয় শিকার আরেক অভিষিক্ত ব্যাটার সামিউল হুসেইন (৪)। ১২তম ওভারে এসে আরেক ওপেনার মাজ সাদাকাতের (১৮) উইকেট তুলে নেন তিনি।
অভিষিক্ত ক্রিকেটারদের ব্যর্থতার পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগাও। ১৬তম ওভারে এসে রিজওয়ানকে কট বিহাইন্ড করে ফেরান রানা। ২০ বলে ১০ রান করে ফেরেন তিনি। পরের ওভারেই ফেরান সালমানকে। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। তাতে ৬৯ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন নাহিদ রানা। ছবি- বিসিবি
এরপর উইকেট তোলার মিছিলে যোগ দেন মিরাজ। একে একে হুসেইন তালাত (৪), আব্দুল সামাদ (০) এবং শাহিন আফ্রিদির (৪) উইকেট তুলে নেন। এরপর তাসকিনের কল্যাণে ৮২ রানেই নবম উইকেট হারায় পাকিস্তান। ডাক মেরে ফেরেন ওয়াসিম জুনিয়র। তাতে একশ’র আগেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল সফরকারীরা। তবে শেষদিকে ফাহিম আশরাফের ৪৭ বলে ৩৭ রানের ইনিংসে একশো পেরোতে সক্ষম হয় দলটি।
বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। মিরাজ ১০ ওভারে ২৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ।
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি























