Connect with us
ক্রিকেট

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করলেন নাহিদা-মারুফা

Nahida and Marufa improve in the ODI rankings.
মারুফা আক্তার ও নাহিদা আক্তার। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। তবে দল হারলে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তারসহ কয়েকজন ক্রিকেটার।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে বোলারদের তালিকায় উন্নতি করে শীর্ষ দশের আরও কাছে চলে এসেছেন নাহিদা। নতুন র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এই স্পিনার। তার রেটিং পয়েন্ট ৫৯৯। বাংলাদেশি বোলারদের মধ্যে এটাই শীর্ষ অবস্থান। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওয়ানডে ৬ উইকেট শিকার করেন এই স্পিনার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন মারুফা আক্তার। ৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ৩টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন সুলতানা খাতুন। ১৬ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া ঋতু মনি দুই ধাপ এগিয়ে ১০০তম স্থানে উঠে এসেছেন।



তবে অবনতি হয়েছে রাবেয়া খানের। দুই ধাপ পিছিয়ে ২৪ নম্বরে নেমে গেছেন এই স্পিনার। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। এছাড়া বাংলাদেশিদের মধ্যে তৃতীয় অবস্থানে থাকা ফাহিমা খাতুন একধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হলেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা শারমিন আক্তার সুপ্তা ৫ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। তবে ৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি। ৫ ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি। ৪৫ নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার। এছাড়া ফারজানা হক ৪ ধাপ পিছিয়ে ৫১ এবং ঋতু মনি ৮ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট