
চলমান নিউজিল্যান্ড সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন পেসার নাহিদ রানা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফাইফার তুলে নেন এই পেসার। এবার বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেলেন এই গতিতারকা।
আজ (২২ এপ্রিল) ওয়ানডে হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বোলারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন রানা। একইসঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেনও বড় উন্নতি করেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন রানা। তাতে ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন এই এক্সপ্রেস পেসার। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশি সুবিধা করতে পারেননি রানা। ১০ ওভারে ৬৫ রান দিয়ে কেবল এক উইকেট শিকার করেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতেই নিজের চেনা রূপে ফেরেন রানা। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই তারকা। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন এই পেসার।
রিশাদও বড় উন্নতি করেছেন। ১০ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন এই লেগস্পিনার। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন এই লেগি।
অবশ্য বোলারদের র্যাঙ্কিংয়ে বড় অবনতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি এই পেসার। তাতে ৭ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন কাটার মাস্টার। নাসুম আহমেদ ৬ ধাপ পিছিয়ে ৬২ নম্বরে নেমে গেছেন। তানভীর ইসলামও ৬ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে নেমে গেছেন।
অবনতি হয়েছে শীর্ষে দশের মধ্যে থাকা একমাত্র বাংলাদেশি বোলার মেহেদি হাসান মিরাজেরও। দুইধাপ পিছিয়েছে আটে নেমে গেছেন এই স্পিনার। তাসকিন আহমেদ একধাপ পিছিয়ে ২৯তম স্থানে আছেন। শরিফুলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি ৩৯তম স্থানে আছেন। এছাড়া তানজিম হাসান সাকিব ৪ধাপ পিছিয়ে ৮৬ নম্বরে নেমে গেছেন।
এদিকে ব্যাটারদের তালিকায় ১৪ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন তানজিদ তামিম। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান। ১৫ ধাপ এগিয়ে ৮৯ নম্বরে উঠে এসেছেন সাইফ হাসান। উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়েরও। ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান।
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৬/বিটি




















