Connect with us
ক্রিকেট

ডিপিএলের মাঝপথে দল পেলেন নাহিদ রানা

Nahid Rana finds a team midway through the DPL season.
নাহিদ রানা। ছবি- সংগৃহীত

চলতি মাসের শুরুতে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ আসর। জাতীয় দলের ডিউটি থাকার কারণে শুরু থেকে ডিপিএলে ছিলেন না নাহিদ রানা। তবে ডিপিএলের মাঝপথে দল পেয়েছেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন এই এক্সপ্রেস পেসার।

এবারের ডিপিএলে ইতোমধ্যে ৭টি রাউন্ডের খেলা শেষ হয়েছে। পাকিস্তান সিরিজ শেষে জাতীয় দলের অনেকে ডিপিএলে যোগ দিলেও রানা কোনো দলের সঙ্গে যুক্ত না থাকায় তার খেলা হয়নি। ডিপিএলের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন তিনি। এবারের আসরের মাঝপথে তাকে দলে নিয়েছে মোহামেডান।

অবশ্য মোহামেডানের হয়ে কেবল একটি ম্যাচই খেলার সুযোগ পাবেন রানা। কেননা আগামী মাসেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে ২ জুন মোহামেডানের হয়ে লিডেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে অষ্টম রাউন্ডের ম্যাচটি খেলবেন এই তারকা।



চলতি আসরে এখন পর্যন্ত ৭ রাউন্ডের খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। ৭ ম্যাচে ৬ জয়ের বিপরীতে একটিতে হেরেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আবাহনী লিমিটেড। ৭ ম্যাচে ৫ জয়ের বিপরীতে ২টি ম্যাচে হেরেছে তারা। সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের পাঁচ, ছয় ও সাতে অবস্থান করছে ঢাকা লেপার্ডস, সিটি ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে আট ও নয় নম্বরে অবস্থান করছে গাজী গ্রুপ ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া এক জয়ে সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ১০, ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স।

ঈদের ছুটি কাটিয়ে পুনরায় দলে যোগ দেবেন ক্রিকেটাররা। আগামী ২ জুন অষ্টম রাউন্ডের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুন নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট