
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে নজর কেড়েছেন নাহিদ রানা। নিজের পেস তাণ্ডবে সফরকারীদের পাঁচ ব্যাটারের উইকেট তুলেন নেন তিনি। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা ও শাহিবজাদা ফারহানের মতো ব্যাটাররা। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর প্রশংসায় ভাসছেন রানা। এবার তার প্রশংসায় মেতেছেন বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বাশার। এ সময় রানার বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘নাহিদ দারুণ বোলার। সে ভালো বল করেছে, উইকেট পেয়েছে। আমাদের একজন পেসার প্রতিপক্ষ ব্যাটারদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার।’
মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। তবে নাহিদের এমন স্পেল অবাক করেছে তাকে। বাশারের মতে, পাকিস্তান দল হিসেবে ভালো হলেও নাহিদের দুর্দান্ত স্পেলই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।
বাশার বলেন, ‘এই উইকেট থেকে এত প্রত্যাশা ছিল না। মিরপুরের উইকেট নিয়ে তো অনেকেই অনেক কিছু বলে। কিন্তু এটা এমন একটা দিন ছিল, যেখানে একজন পেসার দুর্দান্ত বল করেছে। রানার মতো এমন স্পেল সবসময় দেখা যায় না। পাকিস্তানও খারাপ দল নয়। তারা কয়েকজন নতুন খেলোয়াড় নিয়ে এসেছে, তারা ভালো খেলোয়াড়। তবে নাহিদের স্পেল ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।’
আগামী বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে ধারাবাহিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাশার, ‘পরের বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা করে বাংলাদেশ এগোচ্ছে, মৌসুমের প্রথম ম্যাচ খুব ভালো কাটল। আমাদের ব্যাটিংও খুব ভালো হয়েছে। তবে এই পারফরম্যান্স যেন ধারাবাহিক হয়। আমাদের সামনে এটাই বড় চ্যালেঞ্জ।’
আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এরপর ১৪ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি























