Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন নাহিদ রানা

Nahid Rana breaks Mustafizur's old record
পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন নাহিদ রানা। ছবি- বিসিবি

দারুণ এক জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ তামিমের মারকুটে ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

এদিন বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে এসেই প্রথম ফাইফারের দেখা পেয়েছেন এই গতিতারকা। তাতে সতীর্থ মুস্তাফিজুর রহমানের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন এই পেসার।

এতদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল মুস্তাফিজের। ২০১৯ বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন কাটার মাস্টার। তবে ওই ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। ফাইফার পেলেও ১০ ওভারে দিয়েছিলেন ৭৫ রান। তবে নাইটটা না পাকিস্তানের বিপক্ষে বেশ কিপটে ছিলেন। ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে এখন এটাই সেরা বোলিং ফিগার।



অবশ্য পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সেরা ৫ বোলিং রেকর্ডের তালিকায় মুস্তাফিজের দুটি। ২০১৮ সালে আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানি বিপক্ষে ৪৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন ফিজ। সেরার তালিকায় এটি তিন নম্বরে অবস্থান করছে। এছাড়া বাংলাদেশের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য ২০০৩ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৫৬ রান দিয়ে ৪টি এবং ২০০৮ সালে মাশরাফি বিন মুর্তজা করাচিতে ৬৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

মিরপুরে নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ের ম্যাচে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। নাহিদের পাশাপাশি বল হাতে আলো ছড়ান মেহেদি হাসান মিরাজ। ৩টি উইকেট শিকার করেন টাইগার কাপ্তান। এরপর ব্যাট হাতে তানজিদের ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসে ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় লাল-সবুজের।

আগামী ১৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট