
বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন নাহিদ রানা। লাল বলের পর সাম্প্রতিক সময়ে সাদা বলেও দারুণ করছেন এই এক্সপ্রেস পেসার। এরই মধ্যে দলের বোলিং বিভাগে আস্থা জুগিয়েছেন তিনি। তাকে বাংলাদেশের অনেক বড় সম্পদ মনে করেন দলের সিনিয়র পেসার তাসকিন আহমেদ।
নাহিদ বল হাতে গতি ও বাউন্সের ঝলক দেখিয়ে ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন। তার গতিময় বোলিং দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। প্রতি সিরিজে প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এবার তার জাতীয় দলের সতীর্থ তাসকিনও তার বোলিংয়ের প্রশংসা করেছেন। একইসাথে তার প্রত্যাশা, নাহিদ এভাবেই খেলে যাক এবং তার ওপর নজর না লাগুক।
নাহিদকে নিয়ে তাসকিন বলেন, ‘নাহিদ বাংলাদেশের বড় সম্পদ। সে বর্তমানে যে ফর্মে আছে, আল্লাহ ওকে সুস্থ রাখুক। নজর না লাগুক। ওকে সুন্দরমতো মেইনটেইন করা হোক। ও যে পরিশ্রমী ছেলে, ভালোভাবে মেইনটেইন করলে অনেক বড় খেলোয়াড় হবে এবং বাংলাদেশকে অনেক কিছু দিবে।’
সাম্প্রতিক কয়েক বছরে পেস বিভাগে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। আগামী বছর বিশ্বকাপও রয়েছে। তাসকিন চান, সব পেসাররা যেন ফিট থাকেন এবং সামনের খেলাগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারেন।
তাসকিন বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে মাশাআল্লাহ। এটার ধারাবাহিকতা যেন সবসময় থাকে। সামনের বছর আমাদের বিশ্বকাপ আছে। আল্লাহ যেন আমাদের সব ফাস্ট বোলারকে সুস্থ রাখেন। আপনারা দোয়া করবেন। সামনে আমাদের অনেক খেলা। বিসিবি চেষ্টা করছে আমাদের ওয়ার্কলোড সুন্দরভাবে ম্যানেজ করার। আশা করছি ভালো কিছুই হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে। এছাড়া নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখেছেন নির্বাচকরা।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/বিটি



















