
চলমান পিএসএলে রীতিমতো উড়ছে পেশোয়ার জালমি। আসরে এখন পর্যন্ত অপরাজিত দলটি। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি ৪ ম্যাচে জয় পেয়েছে তারা। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।
আজ শনিবার (১১ এপ্রিল) আসরে নিজেদের পঞ্চম ম্যাচে লাহোর কালান্দার্সকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে পেশোয়ার। তাতে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে মুলতান সুলতানসকে টপকে শীর্ষস্থান দখল করেছে দলটি।
করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৯৭ রান তুলে গুটিয়ে যায় লাহোর।
এদিন লাহোরের ইনিংসে দ্বিতীয় ওভারেই পেশোয়ারকে সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। ওপেনার নাঈমকে ১ রানে ফেরান তিনি। এরপর বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানার হাত ধরে আসে দ্বিতীয় সাফল্য। পাওয়ারপ্লের শেষ ওভারে বোলিংয়ে এসে আব্দুল্লাহ শফিককে (২১) ফেরান রানা।

পেশোয়ারকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। ছবি- পেশোয়ার জালমি
শুরুতে রানা-শরিফুলদের সাফল্যের পর উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন মাইকেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। একে একে ফখর জামান (২১), সিকান্দার রাজা (১৪) ও হাসিবুল্লাহ খানের (৩) উইকেট তুলে নেন এই কিউই অলরাউন্ডার। অন্যপ্রান্তে সুফিয়ান তুলে নেন আসিফ আলী-শাহিন আফ্রিদিদের উইকেট।
পরবর্তীতে আরেকটি উইকেটের দেখা পান রানা। উসামা মীরকে ১ রানে ফেরান তিনি। শেষদিকে দুনিথ ভেল্লালাগেকে ২০ রান ফিরিয়ে লাহোরের ইনিংসের সমাপ্তি ঘটান আমির জামাল।
পেশোয়ারের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রেসওয়েল। সুফিয়ান মুকিম ২১ রান দিয়ে সমান ৩টি উইকেট নেন। ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করে রানা। এছাড়া শরিফুল ও জামাল একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে আজও পেশোয়ারের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটার।
আগের ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা বাবর আজম অল্পের জন্য ফিফটি মিস করেন। ৪০ বলে ৪৩ রান করেন পেশোয়ার দলপতি। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ১০ বলে ২১ এবং মোহাম্মদ হ্যারিস ১০ বলে ১৮ রান করেন।
লাহোরের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া উবেইদ শাহ ও উসামা মীর একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
পেশোয়ার জালমি : ১৭৩/৭ (২০ ওভার)
লাহোর কালান্দার্স : ৯৭/১০ (১৭ ওভার)
ফলাফল : পেশোয়ার জালমি ৭৬ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৬/বিটি




















