
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশ থেকে ৬ ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পিএসএলের মাঝপথেই দেশে ফিরে আসেন তারা। ওয়ানডে সিরিজ শেষে নাহিদ-মুস্তাফিজদের ফের পিএসএলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর বাকি অংশে খেলা হচ্ছে না তাদের।
নিউজিল্যান্ডের পক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াডে শরিফুলকে রাখলেও নাহিদ ও মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে। যার ফলে তাদের পিএসএলে যোগ দেওয়ার বিষয়টি আরো জোরালো হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত তাদের পিএসএলের বাকি অংশে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। শেষ ওয়ানডেতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত চোট কাটিয়ে তৃতীয় ওয়ানডেতে খেলেছেন ফিজ এবং বল হাতে এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। দলে ফিরেই নিয়েছেন ৫ উইকেট।
তৃতীয় ওয়ানডেতে মুস্তাফিজ মোট ৯ ওভার বল করেছেন। তবে এখনো তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। আর কারণেই তাকে পিএসএলের বাকি অংশে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের পর মুস্তাফিজের শারীরিক অবস্থা বিস্তারিত পর্যালোচনার জন্য তাৎক্ষণিকভাবে একটি স্ক্যান করা হবে। এরপর মেডিকেল টিমের তত্বাবধানে থাকবেন তিনি এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
এদিকে টানা কয়েকদিন ধরে খেলার মধ্যেই আছেন নাহিদ রানা। তবে এক্সপ্রেস পেসারদের ইনজুরিমুক্ত রাখতে বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাছাড়া আগামী মাসের শুরুতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যে কারণে প্রথম দুটি টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে পিএসএলে যোগ দিলে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন না এই পেসার। টেস্ট সিরিজের আগে তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই পিএসএলের বাকি অংশে খেলার অনুমতি দেয়নি বিসিবি।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/বিটি




















