
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার আক্ষেপ থাকলেও পরবর্তী ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। আইসিসির র্যাঙ্কিং সমীকরণে বাংলাদেশের সরাসরি কোয়ালিফাই করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে নাফিস ইকবাল এই অর্জনকে বড় সাফল্য হিসেবে অভিহিত করে লিখেছেন, ‘দুঃখজনকভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অংশ নিতে পারিনি। তবুও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা নিঃসন্দেহে একটি বড় সাফল্য। এই অর্জন প্রমাণ করে— চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না, বরং আরও সংগঠিত ও দৃঢ় করে তোলে।’
দলের ধারাবাহিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত এক বছরের ধারাবাহিক পরিশ্রম, পরিকল্পনা ও দলগত ঐক্যের ফল আজ আমরা পাচ্ছি। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন। দৃঢ় নেতৃত্বের জন্য লিটনকে বিশেষ শুভেচ্ছা। জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে আমি আমার দলকে নিয়ে সত্যিই গর্বিত।’

র্যাঙ্কিংয়ের সমীকরণ
আইসিসি জানিয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দল সরাসরি অংশ নেবে। আগামী ৯ মার্চের র্যাঙ্কিং অনুযায়ী ১০ম, ১১তম ও ১২তম দল হিসেবে সরাসরি সুযোগ পাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কোনো শঙ্কা নেই।
সরাসরি খেলবে যারা
এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে। এছাড়া আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে।
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৬/এনজি


























