
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তবে ইনজুরির কারণে অভিষেকের আগেই ছিটকে যান দল থেকে। তবে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে পুরোনো রূপ ফিরে পাচ্ছেন আলিস। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে ঝলক দেখাচ্ছেন এই অফব্রেক বোলার।
এবার ডিপিএলে হ্যাটট্রিক তুলে নিলেন আলিস। আজ (বুধবার) ডিপিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। তবে শুধু হ্যাটট্রিকই নয়, সব মিলিয়ে ৬ উইকেট শিকার করেছেন এই রহস্য স্পিনার। তার স্পিন জাদুতে গাজী গ্রুপকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক।
এদিন ইউ ল্যাব ক্রিকেট মাঠে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন আজিজুল হাকিম তামিম। আরেক ওপেনার শাহাদাত হোসেন দীপু করেন ৭১ রান। এছাড়া শামিম হোসেন পাটোয়ারী ৫১, আবু হায়দার রনি ৪২ এবং আকবর আলী ১৩ বলে ২৬ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। ৪২ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। এরপর ইনিংসের ২৩ তম ওভারে দলীয় ৮১ রানের মাথায় পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করেন আলিস। তবে ওভার শেষ হয়ে যাওয়ায় হ্যাটট্রিকের জন্য পরের ওভারের অপেক্ষা করতে হয় তাকে।
এরপর ২৫তম ওভারে বোলিংয়ে এসে আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্পিনার। হ্যাটট্রিকের আগে ১ উইকেট এবং হ্যাটট্রিকের পরে আরও ২ উইকেটসহ মোট ৬ উইকেট শিকার করেন তিনি। আলিসের স্পিন ঘূর্ণিতে ১০৫ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ।
বাংলাদেশের ১৫তম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে হ্যাটট্রিকের দেখা পেলেন আলিস। আর ডিপিএলে ১১তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন এই রহস্য স্পিনার। সবমিলিয়ে চলতি ডিপিএলে ৪ ম্যাচে মোট ১৫ উইকেট শিকার করেছেন এই স্পিনার।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৬/বিটি





















