
চলতি মাসেই মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে ইতোমধ্যেই এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এবার আরও তিন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন করে এনওসি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন ও হাসান মাহমুদ। মুস্তাফিজ এনওসি পাচ্ছেন ইংল্যান্ডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলার জন্য, পারভেজ খেলবেন গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এবং হাসান খেলবেন ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভাইটালিটি ব্লাস্টে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজ। চলতি মাসেই মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্টে, যেখানে বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার। এই সময় বাংলাদেশের সাদা বলের কোনো সিরিজ না থাকায় পুরো সময়ের জন্য তাকে এনওসি দিতে যাচ্ছে বিসিবি।
ইংল্যান্ডের আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে মুস্তাফিজের পর দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে দল পেয়েছেন হাসান। তাকে দলে নিয়েছে কেন্ট। গত মাসেই এই দলের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন তিনি। লাল বলের পর এবার সাদা বলের সংক্ষিপ্ত ফরম্যাটে দলটির হয়ে মাঠ মাতাবেন এই তারকা। টুর্নামেন্ট গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে কেন্ট।
এদিকে চলতি মাসের শেষের দিকে পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে জিএসএলের নতুন আসর। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ইমন। এর আগে পিএসএলে এই ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন তিনি। এবার জিএসএলে খেলার জন্যও তাকে দলে রেখেছে লাহোর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে এই মারকুটে ব্যাটারের।
এছাড়া এর আগে এলপিএলের জন্য এনওসি পেয়েছিলেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/বিটি






















