
জয় দিয়ে পিএসএলের নতুন আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হারের মুখ দেখল মুস্তাফিজ-শাহীনরা। লোস্কোরিং ম্যাচে নানা নাটকীয়তার পর শেষ ওভারে হেরেছে দলটি।
রোববার (২৯ মার্চ) পিএসএলের ষষ্ঠ ম্যাচে লাহোর কালান্দার্সকে ৪ উইকেটে হারিয়েছে করাচি কিংস। লাহোরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে লাহোর। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি।
এদিন রানতাড়ায় নেমে শুরতেই হোঁচট খায় করাচি। ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার করেন শাহীন শাহ আফ্রিদি। প্রথমে ডেভিড ওয়ার্নারকে ৮ রানে ফেরান তিনি। এরপর সালমান আগা ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন। তাতে ১০ রানেই ২ উইকেট হারায় করাচি।
শুরুর বিপত্তির পর মুহাম্মদ ওয়াসিম ও সাদ বাইগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে করাচি। তবে এই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের অষ্টম ওভারে দলীয় ৩৯ রানের মাথায় সাদ বাইগকে ফিরিয়ে জুটি ভেঙে দেন কাটার মাস্টার। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২১ বলে ১৯ রান করে বিদায় নেন সাদ।
এরপর চতুর্থ উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন ওয়াসিম ও মঈন আলী। এই জুটিতে ৪০ বলে ৪৩ রান যোগ করেন তারা। তবে ১৫তম ওভারে শাহীন নিজের শেষ স্পেলে এসে ওয়াসিম ও মঈন দুজনেরই উইকেট তুলে নেন। ওয়াসিম ৩৭ বলে ৩৮ এবং মঈন ২১ বলে ১৮ রান করে বিদায় নেন।
দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় করাচি। পরের তিন ওভারে উসামা, মুস্তাফিজ ও হারিস মিলে ১৮ রান দেন। তাতে শেষ ১২ বলে করাচির প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে ৯ রান খরচ করেন মুস্তাফিজ। তাতে শেষ ৬ বলে করাচির প্রয়োজন ছিল ১৪ রান।
শেষ ওভারে বল করতে আসেন রউফ। তবে এখানে শুরু হয় নাটকীয়তা। বলের অবস্থা পরিবর্তনের কারণে লাহোরকে ৫ রানের পেনাল্টি দেওয়া হয়। ফলে শেষ ওভারে রান দাঁড়ায় ৯। তবে প্রথম বলেই উইকেট তুলে নেন রউফ। কিন্তু পরের দুই বলে চার ও ছয় মেরে ম্যাচটি জিতে নেয় করাচি।
লাহোরের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন শাহিন। ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।
এর আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি লাহোর। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান ফখর জামান। আগের ম্যাচে ফিফটি হাঁকানো এই ওপেনার ১ রান করেই বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় লাহোর। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ১২ বলে ১৩ রান করে বিদায় নেন।
তিনে নেমে ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। তবে আজও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন। চারে নেমে ১২ বলে ১২ রান করে বিদায় নেন এই ব্যাটার। এরপর হাসিবুল্লাহ খানের ২৮, সিকান্দার রাজার ১৯ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় লাহোর।
করাচির হয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট নেন মঈন আলী ও মীর হামজাও। এছাড়া একটি করে উইকেট নেন হাসান আলী, সালমান আগা ও আব্বাস আফ্রিসি।
সংক্ষিপ্ত স্কোর :
লাহোর কালান্দার্স : ১২৮/৯ (২০ ওভার)
করাচি কিংস : ১৩১/৬ (১৯.৩ ওভার)
ফলাফল : করাচি কিংস ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/বিটি





















