Connect with us
ক্রিকেট

১৩ বছর পর আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইয়ের জয়

Mumbai won their opening IPL match after 13 years by defeating Kolkata
কলকাতাকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল শুরু মুম্বাইয়ের। ছবি- সংগৃহীত

আইপিএলের উদ্বোধনী ম্যাচে হারের অভিশাপ থেকে মুক্তি পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩ সাল থেকে প্রতিটি আসরেই প্রথম ম্যাচ হেরে আসছে তারা। অবশেষে ২০২৬ আইপিএলে এসে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল পাঁচ আসরের চ্যাম্পিয়নরা।

রোববার (২৯ মার্চ) আসরের নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালে শেষবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ জিতেছিল মুম্বাই।

ঘরের মাঠ ওয়াংখেড়েতে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুম্বাই। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নেয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।



এদিন রানতাড়ায় নেমে উড়ন্ত মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রায়ান রিকেল্টন ও রোহিত শর্মা। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নবম ওভারেই দলীয় শতরানে পৌঁছে যায় মুম্বাই। এই জুটিতেই দেড়শোর কাছাকাছি পৌঁছে যায় তারা। দলীয় ১৪৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। ৩৮ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন রোহিত শর্মা।

তবে তিনে এসে বেশিক্ষণ টিকতে পারেননি সূর্যকুমার যাদব। ৮ বলে ১৬ রান করে বিদায় নেন এই মারকুটে ব্যাটার। দলীয় ১৮৪ রানের মাথায় রানআউটের শিকার হয়ে বিদায় নেন রিকেল্টন। ৪৩ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮১ রান করেন এই প্রোটিয়া ওপেনার। এরপর তিলক ভর্মা বিদায় নেন ২০ রান করে। শেষদিকে হার্দিক পান্ডিয়া ও নামান ধীর মিলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কলকাতার হয়ে একটি করে উইকেট নেন বৈভব আরোরা, কার্তিক তিয়াগী ও সুনীল নারিন।

এর আগে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে বড় পুঁজি গড়তে সক্ষম হয় কলকাতা। অধিনায়ক আজিঙ্কা রাহানে ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। আংক্রিশ রঘুবংশীর ব্যাট থেকে আসে ২৯ বলে ৫১ রান। এছাড়া ফিন অ্যালেন ১৭ বলে ৩৭, রিংকু সিং ২১ বলে ৩৩ এবং ক্যামেরন গ্রিন ১০ বলে ১৮ রান করেন।

মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। এছাড়া ৩ ওভারে ৩৯ রান দিয়ে এক উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

কলকাতা নাইট রাইডার্স : ২২০/৪ (২০ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স : ২২৪/৪ (১৯.১ ওভার)
ফলাফল : মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট