Connect with us
ক্রিকেট

আইপিএল : গুজরাটকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই

Mumbai advances to IPL Qualifier 2 after eliminating Gujarat
গুজরাটকে ২০ রানে হারিয়েছে মুম্বাই। ছবি- বিসিসিআই

গুজরাট টাইটান্সকে বিদায় করে চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার (৩০ মে) আসরের প্রথম এলিমিনেটর ম্যাচে গুজরাটকে ২০ রানে হারিয়েছে মুম্বাই।

মোহালির মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল পুঁজি পায় মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে গুজরাট।

এর আগে প্রথম কোয়ালিফায়ারের পাঞ্জাব কিংসকে বিদায় করে ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই।




আরও পড়ুন :

» সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন বুলবুল

» যার প্রস্তাবে বিসিবির দায়িত্ব নিতে রাজি হন বুলবুল


এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরে যান শুবমান গিল। ২ বলে ১ রান করেন গুজরাট অধিনায়ক। শুরুতেই উইকেট হারানোর পর সাই সুদর্শন ও কুশাল মেন্ডিসের ব্যাটে বিপত্তি সামাল দেয় গুজরাট। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৬৪ রান যোগ করে তারা। দলীয় ৬৭ রানে মিচেল স্যান্টনারের শিকার হয়ে ফিরে যান মেন্ডিস। ১০ বলে ২০ রান করেন এই লঙ্কান তারকা।

এরপর তৃতীয় উইকেট জুটিতে সুদর্শন ও ওয়াশিংটন সুন্দর মিলে ৪৪ বলে ৮৪ রান যোগ করেন। ১৫১ রানের মাথায় সুন্দরকে ফিরিয়ে বিধ্বংসী এই জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ। সুন্দর ফেরার পর ঝোড়ো ব্যাটিং শুরু করেন শেরফান রাদারফোর্ড। তবে অপরপ্রান্তে থাকা সুদর্শন আর এক রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন।

দলীয় ১৭০ রানে তাকে বোল্ড করে ফেরান রিচার্ড গ্লিসন। ৪৯ বলে ৮০ রান করে ফেরেন এই ওপেনার। এরপর তেওয়াতিয়া শাহরুখ খানদের ব্যাটে ১৯ ওভারে দুইশ পেরোয় দলটি। শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। তবে শেষ ওভারে ৩ রানের বেশি করতে পারেনি তারা।

এর আগে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার ৮১, জনি বেয়ারস্টোর ৪৭, সূর্যকুমার যাদবের ৩৩, তিলাক ভর্মার ২৫। হার্দিক পান্ডিয়ার ২২ রানে ভর করে দুইশোর্ধ্ব রানের বড় পুঁজি পায় মুম্বাই। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নেন প্রদিশ কৃষ্ণা ও সাই কিশোর। এছাড়া একটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর :

মুম্বাই ইন্ডিয়ান্স: ২২৮/৫ (২০ ওভার)
গুজরাট টাইটান্স: ২০৮/৬ (২০ ওভার)
ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স ২০ রানে জয়ী

আগামী রোববার (১ জুন) ফাইনালে ওঠার লড়াইয়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট