Connect with us
ফুটবল

মরক্কোর সামনে প্রতিশোধের সুযোগ, ফ্রান্স টিকে থাকতে পারবে তো?

France Morocco
ইয়াসিন-হাকিমিরা ছেড়ে কথা বলবে না এমবাপ্পে-ডেম্বেলেদের।

ঠিক চার বছর আগে যে ফ্রান্সের কাছে হেরে ইতিহাসের পাতা দীর্ঘ করতে পারেনি মরক্কো, চার বছর পর আবারও সামনে সেই ফ্রান্স। সেবার ফাইনালে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এমবাপ্পেরা। এবার সেমিফাইনালের পথেই প্রতিপক্ষ।

বোস্টনে বাংলাদেশ সময় রাত দুইটায় বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। যারা জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে, হারলেই থামবে বিশ্বকাপ যাত্রা।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ছিল ফ্রান্স ও মরক্কোর প্রথম প্রতিযোগিতামূলক লড়াই। সেই ম্যাচে থিও হার্নান্দেজ ও র‍্যান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জিতে মরক্কোর রূপকথার যাত্রার ইতি টানে ফ্রান্স।



দুই দলের মধ্যে আরও পাঁচটি ম্যাচ হয়েছে, যেখানে একবারও হারেনি ফ্রান্স। তারা তিনটি ম্যাচ জিতেছে এবং বাকি দুটি ড্র হয়েছে।

তবে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। চলতি শতাব্দীতে বিশ্বকাপে ফ্রান্সের ছয়টি হারের মধ্যে তিনটিই এসেছে আফ্রিকার দলগুলোর বিপক্ষে (টাইব্রেকার বাদে)। এই সময়ে আফ্রিকার দলগুলোর বিপক্ষে সাত ম্যাচে তিনবার হেরেছে ফ্রান্স, যেখানে ইউরোপের দলের বিপক্ষে ১৫ ম্যাচে মাত্র দুইবার এবং দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে নয় ম্যাচে একবারও হারেনি।

অপ্টার সুপার কম্পিউটারের ম্যাচ-পূর্ব ২৫ হাজার সিমুলেশন অনুযায়ী, এই ম্যাচে স্পষ্ট ফেভারিট ফ্রান্স। তাদের জরিপে এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা: ৬২.২ শতাংশ। মরক্কোর ৯০ মিনিটে জয়ের সম্ভাবনা: ১৫.৭ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা: ২২.১ শতাংশ।

অর্থাৎ, পরিসংখ্যান বলছে ফ্রান্সই এগিয়ে। তবে ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময়, এমনকি টাইব্রেকারেও গড়াতে পারে কোয়ার্টার ফাইনালের এই লড়াই। তবে মরক্কোও চাইবে গত আসরের বিদায়কে স্মরণে এনে প্রতিশোধ নেয়ার। কিন্তু এমবাপ্পে-ডেম্বেলেরাও যে ছেড়ে কথা বলবে না।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৬/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল