Connect with us
ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, স্বাগতিক কানাডার বিদায়

জয়ের পর আশরাফ হাকিমি–ব্রাহিম দিয়াজদের উদযাপন। ছবি: সংগৃহীত

ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল কানাডা। একের পর এক সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোল করতে না পারার মূল্য দিতে হয়েছে সহ-আয়োজকদের। সুযোগ কাজে লাগিয়ে ৩-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।

হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মরক্কোর হয়ে দুটি গোল করেন আজ্জেদিন উনাহি। আর যোগ করা সময়ে একটি গোল করেন বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি।

ম্যাচের শুরুটা ছিল কানাডার দখলে। প্রথম ২৫ মিনিটে মরক্কো কোনো শটই নিতে পারেনি। জোনাথন ডেভিড ও তানি ওলুওয়াসেয়িরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভে এগিয়ে যেতে পারেনি তারা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।



বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক থেকে তৈরি হওয়া আক্রমণে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন উনাহি। এই গোলেই এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কানাডা। তবে মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক বুনুর সামনে বারবার ব্যর্থ হয় তারা। ৭৯তম মিনিটে তাজন বুকানানের দূরপাল্লার শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বুনু।

কানাডা যখন সমতা ফেরানোর চেষ্টা চালাচ্ছিল, তখন পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় মরক্কো। ৮২তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। এরপর যোগ করা সময়ের অষ্টম মিনিটে দিয়াজের আরেকটি পাস থেকে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সুফিয়ান রাহিমি।

স্কোরলাইন একপেশে হলেও ম্যাচের পরিসংখ্যান ছিল ভিন্ন। মরক্কোর ৫টির বিপরীতে কানাডা নেয় ১০টি শট। কর্নারেও তারা ছিল এগিয়ে, ১১টির বিপরীতে মরক্কো পায় মাত্র একটি। প্রতিপক্ষের বক্সে বল স্পর্শের সংখ্যাতেও কানাডা ছিল অনেক এগিয়ে। তবে সুযোগ কাজে লাগানোর দিকেই পার্থক্য গড়ে দেয় মরক্কো। গোলমুখে নেওয়া চারটি শটের তিনটিই জালে পাঠায় তারা।

এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল ২০২২ সালের সেমিফাইনালিস্ট মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল