ভালো জীবনের আশায় সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন ওমর এল আজিজি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সাগরে ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার, সতীর্থ এবং মরক্কোর ফুটবল অঙ্গনে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মরক্কো থেকে স্পেনের সীমান্তবর্তী সিউতা এলাকায় পৌঁছানোর জন্য হাজারো মানুষ সাগরপথে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যেই ছিলেন ফাতেন। প্রবল স্রোতের কারণে তিনি আর তীরে পৌঁছাতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেন স্থানীয় একটি আঞ্চলিক প্রতিযোগিতায় নিয়মিত ফুটবল খেলতেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত। তার এক আত্মীয়ও স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলেছেন।
ফাতেনের মৃত্যুর পর তার ক্লাব শোক প্রকাশ করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি খ্যাতি বা আলোচনায় আসার জন্য দেশ ছাড়তে চাননি। নিজের এবং পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যতের আশায় তিনি এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু সেই চেষ্টাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।
মরক্কোর পেশাদার ফুটবলারদের সংগঠনও ফাতেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তার সতীর্থ ও মরক্কোর ফুটবল অঙ্গনের সবাইকে এই শোক সহ্য করার শক্তি কামনা করা হয়েছে।
সম্প্রতি মরক্কো থেকে স্পেনের সীমান্ত অতিক্রমের চেষ্টা বেড়েছে। স্পেনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কয়েক হাজার মানুষ সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন। এ সময় অনেকেই সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। এখনও বহু পরিবার তাদের নিখোঁজ স্বজনদের খোঁজে সীমান্ত এলাকায় অপেক্ষা করছেন। এই ঘটনা আবারও ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ার ভয়াবহ দিকটি সামনে এনে দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৬/টিএ



