
বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের প্রথম দুটি ম্যাচ ছিল একপাক্ষিক। প্রথম ম্যাচে দাপট ছিল বাংলাদেশের এবং দ্বিতীয় ম্যাচে দাপট ছিল পাকিস্তানের। তবে তৃতীয় ম্যাচটা ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। বিশেষ করে পাকিস্তান ইনিংসের শেষ ওভার পর্যন্ত এই নাটকীয়তা চলেছে। তবে শেষ পর্যন্ত ফলাফল এসেছে বাংলাদেশের পক্ষেই।
রোববার (১৫ মার্চ) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল। তবে শেষ ম্যাচে ভিন্ন হতে পারতো ম্যাচের ফলাফল। তবে বাংলাদেশের এক সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের দৃশ্যপট।
শেষ ১২ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। তবে মুস্তাফিজের ওভারেই শাহিন আফ্রিদির দুই ছক্কায় ১৪ রান তুলে নেয় পাকিস্তান। তবে শেষ বলে হারিস রউফের উইকেট নিয়ে পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে দেন ফিজ। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। তবে ডেথ ওভারের জন্য পরীক্ষিত কোনো বোলার ছিলেন না। তাই শেষ ওভার করেন রিশাদ হোসেন।
ওভারের প্রথম চার বলে মাত্র ২ রান দেন রিশাদ। তখনও জয়ের সুযোগ ছিল পাকিস্তানের। পঞ্চম বলে ওয়াইডের সংকেত দেন আম্পায়ার। তাতে ২ বলে প্রয়োজন ছিল ১১ রানের। তবে উইকেটের পেছনে থাকা লিটনের প্রতিক্রিয়ায় মনে হচ্ছিল সেটা ওয়াইড হয়নি। তবে ওয়াইডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য রিভিউ নেওয়ার সুযোগ নেই৷ তখন শান্ত ও লিটনের পরামর্শে রিভিউ নেন মিরাজ।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা আলোচনা করে রিভিউ নিয়েছিলাম। সেখানে লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুজনেই আমাকে রিভিউ নিতে বলেছিল। তাই আমরা রিভিউ নিয়ে নেই। কারণ, আমাদের দুটি রিভিউ ছিল।’
রিভিউতে দেখা যায়, বল প্রথমে আফ্রিদির ব্যাটে লেগেছে। তাই ওয়াইড প্রত্যাহার করে নেন আম্পায়ার। তাতে বলও কমে যায় এবং রানও বেড়ে দাঁড়ায় ১ বলে ১২। শেষ বলে আফ্রিদি ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হয়ে স্টাম্পিংয়ের শিকার হন। তাতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/বিটি






















