Connect with us
ক্রিকেট

এলপিএলের ড্রাফট থেকে দল পেলেন মিরাজ-হাসান মাহমুদ

Miraz and Hasan Mahmud secure teams in the LPL draft.
এলপিএলের ড্রাফট থেকে দল পেয়েছেন মিরাজ ও হাসান মাহমুদ। ছবি- সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের জন্য আজ (সোমবার) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চলছে প্লেয়ার্স ড্রাফট। এলপিএলের এবারের ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরিতে আছেন ৩০ বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও পেসার হাসান মাহমুদ।

প্রথমবারের মতো এলপিএলে দল পেয়েছেন মিরাজ ও হাসান। টাইগার অলরাউন্ডার মিরাজকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস। আর হাসানকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস।

এলপিএলের ড্রাফটে তৃতীয় সর্বোচ্চ মূল্যমানের ক্ল্যাসিক ক্যাটাগরিতে ছিলেন মিরাজ ও হাসান। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ মিরাজ ও হাসানকে প্রায় ২৫ লাখ টাকা করে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।



সবমিলিয়ে এলপিএলের এবারের আসরে মোট ৫ বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাস। একই দলে খেলবেন সাকিব ও তাসকিন। তাদেরকে দলে নিয়েছে জাফনা কিংস। লিটনকে দলে নিয়েছে গল গ্যালানটস। অর্থাৎ লিটন ও মিরাজ একই দলে খেলবেন। এছাড়া কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন হাসান মাহমুদ।

তবে ড্রাফট থেকে নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের মতো তারকা ক্রিকেটাররা দল পাননি। ড্রাফটে সবচেয়ে বেশি মূল্যমানের প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন শরিফুল।

দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তারা কেউই দল পাননি।

এছাড়া ক্লাসিক ক্যাটাগরি থেকে দল না পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম।

ক্রিফোস্পোর্টস/১জুন২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট