Connect with us
ক্রিকেট

মানসিকভাবে অশান্তিতে ছিল মিরাজ: সিলেটের কোচ

মিরাজ মানসিক শান্তিতে ছিল না। ছবি: সংগৃহীত

দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় টানা দুই মৌসুমে একই প্রতিচ্ছবি। গত বছর খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে এই ধাক্কা সামলাতে হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার সিলেট টাইটানসের জার্সিতে থেকেও শেষটা হলো একই জায়গায়। তবে সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে, এবার মিরাজ আগের মতো মানসিকভাবে স্বস্তিতে ছিলেন না।

মিরপুরে পরশু এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারাতে শেষ বলের ছক্কা মেরেছিলেন ক্রিস ওকস। নাটকীয় সেই জয়ের পরদিনই আবার মাঠে নামতে হয় সিলেটকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১২ রানের হারেই শেষ হয় তাদের যাত্রা। প্লে অফের দুই ম্যাচে মিরাজের ব্যাট থেকে আসে ১৮ ও ৯ রান যা অধিনায়কের কাছ থেকে প্রত্যাশিত ছিল না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহেল ইসলাম বলেন, টানা দুই দিন খেলা, অধিনায়কত্বের চাপ এবং চারপাশের পরিস্থিতি মিলিয়ে মিরাজের জন্য বিষয়টা সহজ ছিল না। তাঁর মতে, “টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আমরা জানতাম টানা দুই দিন খেলতে হবে। চিন্তা করারও খুব বেশি সময় ছিল না। অধিনায়কত্বের চাপ তো আছেই। সব মিলিয়ে মানসিকভাবে সে খুব শান্তিতে ছিল বলে মনে হয়নি।”



গত মৌসুমে খুলনার হয়ে ১৪ ম্যাচে ৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছিলেন মিরাজ। কিন্তু এবার সিলেটের হয়ে ১২ ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র ১০০ রান, উইকেট ৬টি। গড় ও স্ট্রাইকরেট দুটিই ছিল প্রত্যাশা অনুযায়ী হয়নি।

মাঠের বাইরের ঘটনাও প্রভাব ফেলেছে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। ১৫ জানুয়ারি কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের ডাকে সাড়া দিয়ে মিরাজ, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বিপিএলের একটি ম্যাচ বয়কট করেছিলেন। এরপর মাঠে নামার সময় দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাদের। সোহেল বলেন, পারফরম্যান্স শুধু স্কিলের ওপর নির্ভর করে না। মানসিক অবস্থা, দলের পরিবেশ সবই ভূমিকা রাখে। আপনারা জানেন এখানে বিভিন্ন ধরনের ইস্যু ছিল।

এদিকে হারের পর সিলেট দলের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পদ ছাড়ার ঘোষণা দেন এবং ফেসবুক লাইভে এসে দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি। কিছু সময় পর সে লাইভটিও সরিয়ে নেওয়া হয়।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট