Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সেঞ্চুরি করে সাফল্যের রহস্য জানালেন মিরাজ

অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ একটি ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। দলের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তাঁর অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে বাংলাদেশ। দিনের খেলা শেষে নিজের ইনিংসের পরিকল্পনা ও অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ১০৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। এমন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন মিরাজ। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় তাঁর কাজ আরও কঠিন হয়ে যায়। একসময় ১৯৪ রানেই বাংলাদেশের ৯ উইকেট পড়ে যায়। এরপর শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি।

মিরাজ ১৪১ বলে অপরাজিত ১০৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। শুরুতে ধীরে খেললেও পরে সুযোগ বুঝে রান তোলার গতি বাড়ান তিনি। প্রথম ৫০ রান করতে লেগেছিল ৭৫ বল, আর পরের ৫০ রান আসে মাত্র ৫৩ বলে।



দিনের খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশ করা ভিডিওতে মিরাজ বলেন, শুরুতে ব্যাট করা সহজ ছিল না। প্রতিপক্ষের বোলাররা ভালো জায়গায় বল করছিলেন। তাই তিনি তাড়াহুড়া না করে নিজের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছেন। প্রথমবার অস্ট্রেলিয়ার মাঠে খেলায় শুরুতে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল তাঁর প্রধান লক্ষ্য। সে কারণে শুরুতে রান করার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উইকেটে টিকে থাকা ও জুটি গড়ার দিকে। পরে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রান এসেছে।

মিরাজ আরও বলেন, সামনে টেস্ট সিরিজ থাকায় এই সেঞ্চুরি তাঁর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। তিনি মনে করেন, একই মানসিকতা ধরে রেখে খেলতে পারলে তা তাঁর নিজের জন্য যেমন ভালো হবে, তেমনি দলেরও উপকার হবে।

প্রথম দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫১ রান করেছে। তারা এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২১২ রানে পিছিয়ে আছে। আগামীকাল দ্বিতীয় দিনের খেলায় নিজেদের ইনিংস আবার শুরু করবে স্বাগতিকরা।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকেতে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে মিরাজের এই ইনিংস সিরিজের আগে দলের জন্য ইতিবাচক বার্তা হয়ে এসেছে।

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট