
নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেয়েছে মায়ামি। জাভিয়ের মাসচেরানো হঠাৎ দায়িত্ব ছেড়ে দিলে ক্লাবের ক্রীড়া পরিচালক গুইলেরমো হোয়োসকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অভিষেক ম্যাচেই ৩-২ গোলে কলোরাডোকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নেয় দলটি। এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল লিওনেল মেসির, দলের হয়ে করেছেন দুটি গুরুত্বপূর্ণ গোল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। তখন মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে তারা।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৫৮তম মিনিটে একটি গোল শোধ করে কলোরাডো। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে সমতায় ফেরে তারা। হঠাৎ করেই চাপে পড়ে যায় মায়ামি।
এই পরিস্থিতিতে আবারও দলের দায়িত্ব নেন মেসি। ম্যাচের ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে জালে বল জড়ান তিনি। এই গোলেই আবার এগিয়ে যায় মায়ামি এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখে।
ম্যাচের শেষ দিকে আরও চাপের মধ্যে পড়ে দলটি। ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় মায়ামিকে। তবুও শেষ মুহূর্তে প্রতিপক্ষকে আর সুযোগ না দিয়ে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের ফলে টানা সাত ম্যাচে অপরাজিত থাকল মায়ামি। মৌসুমের শুরুতে হার দিয়ে যাত্রা শুরু করলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে তারা। এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ সময় কাটাচ্ছেন মেসি। এই মৌসুমে এখন পর্যন্ত সাতটি গোল করেছেন তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় অন্যদের সঙ্গে সমান অবস্থানে আছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/টিএ























