বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি পেছনে ফেলে আবার মাঠে ফিরেছেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালে হারের ১০ দিন পর তিনি নিজের ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন। ফ্লোরিডায় দলের অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত ও পুরোপুরি সুস্থ অবস্থায় দেখা গেছে। এতে সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
ফাইনালের পর মেসি কিছুদিন নিজের জন্মশহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটান। এই সময় তিনি অসুস্থ বাবা খোর্খে মেসির দেখাশোনাও করেন। টানা ব্যস্ত সূচি ও বিশ্বকাপের মানসিক চাপ কাটিয়ে বিশ্রাম নেওয়ার পরই তিনি আবার ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা ছিলেন মেসি। পুরো আসরে আটটি গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শিরোপা ধরে রাখা সম্ভব না হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন তিনি। পরে এক বার্তায় মেসি বলেন, এই পরাজয়ের কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে দলের লড়াই এবং সমর্থকদের ভালোবাসা তাকে নতুন করে শক্তি জুগিয়েছে।
মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির শেষ দুটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছে দল। সেই দুটি ম্যাচেই জয় পেয়েছে মায়ামি। তবু দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ।
দলের প্রধান কোচ জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক হতে কিছুটা সময় প্রয়োজন। তাই মেসি এবং তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলকে পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে প্রতিযোগিতামূলক ম্যাচে নামানো হবে না।
আগামী ম্যাচে মেসির খেলার সম্ভাবনা খুব একটা নেই। ধারণা করা হচ্ছে, তিনি গ্যালারি থেকে সতীর্থদের খেলা দেখবেন। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহে দলের হয়ে মাঠে ফিরতে পারেন এই আর্জেন্টাইন তারকা।
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলেই এখন নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মেসি। ক্লাবের হয়ে আবারও মাঠে নেমে দলকে সাফল্য এনে দেওয়াই এখন তার প্রধান লক্ষ্য। সমর্থকরাও অপেক্ষায় আছেন, কবে আবার মেসির পায়ে জাদু দেখবেন।
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৬/টিএ



