
বিশ্বকাপ শুরুর ঠিক আগে লিওনেল মেসির চোট এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মেজর লিগে ইন্টার মায়ামির জয়ের ম্যাচে দুটি গোল বানিয়ে দিলেও শেষ পর্যন্ত চোট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৬–৪ গোলে জিতেছে ইন্টার মায়ামি। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না জয় কিংবা গোল উৎসব, বরং ছিল মেসির শারীরিক অবস্থা।
ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ করেই মাঠ ছাড়েন মেসি। তার আগে একটি ফ্রি কিক নেওয়ার পর বাঁ ঊরুর উপরের অংশে অস্বস্তি অনুভব করতে দেখা যায় তাকে। এরপর নিজেই খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিত দেন। কিছুক্ষণের মধ্যেই তাকে তুলে নেওয়া হয়।
যদিও কারও সহায়তা ছাড়াই হেঁটে মাঠ ছাড়েন মেসি। সরাসরি চলে যান ড্রেসিংরুমে। তবে বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি না থাকায় এই চোট নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা শিবিরে।
ম্যাচের শুরুতে অবশ্য মায়ামির অবস্থা ভালো ছিল না। প্রথম ১০ মিনিটেই দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। পরে মেসির তৈরি করা আক্রমণ থেকে জার্মান বার্তারামে একটি গোল শোধ দেন। কিন্তু এরপর আবারও গোল করে ব্যবধান বাড়ায় ফিলাডেলফিয়া।
তিন গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ায় মায়ামি। বার্তারামে আরও একটি গোল করার পাশাপাশি লুইস সুয়ারেজ করেন দুটি গোল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪–৩ গোলে এগিয়ে যায় মায়ামি।
তবে বিরতির ঠিক আগে হাত দিয়ে বল স্পর্শের ঘটনায় ভিডিও পর্যালোচনার মাধ্যমে পেনাল্টি পায় ফিলাডেলফিয়া। সেখান থেকে গোল করে নিজের তিন গোল পূর্ণ করেন মিলান ইলোস্কি। প্রথমার্ধ শেষ হয় ৪–৪ সমতায়। এক অর্ধেই আট গোল হওয়ার ঘটনা লিগের ইতিহাসে নতুন রেকর্ড।
দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে খেলার গতি কিছুটা কমে যায়। তবুও আক্রমণ চালিয়ে যায় মায়ামি। মেসি মাঠ ছাড়ার পর সুয়ারেজ নিজের তৃতীয় গোল করেন। পরে রদ্রিগো ডি পল আরও একটি গোল করলে ৬–৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির।
ম্যাচ শেষে মায়ামির কোচ গুইয়ের্মো হোইস জানান, মেসির চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, মাঠ ভারী ছিল এবং মেসি ক্লান্ত অনুভব করছিলেন। তাই কোনো ঝুঁকি নিতে চাননি তারা।
গত কয়েক বছরে ঊরুর পেশির সমস্যায় একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। ব্যস্ত সূচির কারণে তাকে অনেক সময় বিশ্রামও দেওয়া হয়েছে। তাই বিশ্বকাপের আগে নতুন করে পাওয়া এই চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।
এখনও আর্জেন্টিনা বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি। তবে মেসিকে রেখেই পরিকল্পনা করছে দলটি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে নজর থাকবে পুরো ফুটবল বিশ্বের।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/টিএ




















