Connect with us
ফুটবল

মেসি ফুটবলের ঈশ্বর, তার জন্যই মায়ামিতে এসেছি : কাসেমিরো

মেসির জন্য মায়ামিতে এসেছেন ক্যাসেমিরো। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের অধ্যায় শেষ করে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মধ্যমাঠের খেলোয়াড় কাসেমিরো। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই লিওনেল মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, মেসির সঙ্গে খেলার ইচ্ছাই ছিল মায়ামিতে আসার সবচেয়ে বড় কারণ। এমনকি আর্জেন্টাইন মহাতারকাকে ফুটবলের ঈশ্বর বলেও অভিহিত করেছেন এই ব্রাজিলিয়ান।

বৃহস্পতিবার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচনের অনুষ্ঠানে কাসেমিরো বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা তার কাছে বিশেষ কিছু। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন প্রতিপক্ষ হিসেবে মেসির বিপক্ষে খেললেও সবসময় তার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি।

কাসেমিরো বলেন, ‘কোনো সন্দেহ নেই, সর্বকালের সেরা খেলোয়াড়ের পাশে খেলতেই আমি এখানে এসেছি। প্রতিদিনই ভাবতাম, যদি কোনো দিন তার সঙ্গে একই দলে খেলতে পারতাম। আমি সবসময় সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। এখন সেই সুযোগ পেয়েছি।’



মেসির বিপক্ষে বহুবার মাঠে নামার অভিজ্ঞতাও তুলে ধরেন কাসেমিরো। তিনি বলেন, পুরো ক্যারিয়ারজুড়ে মেসিকে থামানো ছিল সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। একা তাকে আটকানো কখনো সম্ভব হয়নি। সতীর্থদের সহযোগিতা ছাড়া তাকে নিয়ন্ত্রণ করার উপায় ছিল না। নতুন ক্লাবে যোগ দিয়ে মাত্র দুই দিনের অনুশীলনেই তিনি আবারও বুঝতে পেরেছেন, মেসিকে থামানো কতটা কঠিন।

তার মতে, ‘মেসি আমাকে ক্যারিয়ারজুড়ে অসংখ্যবার সমস্যায় ফেলেছে। আমি কখনো একা তাকে থামাতে পারিনি। সবসময় অন্যদের সাহায্য নিতে হয়েছে। এখানে এসে অনুশীলনেও একই অনুভূতি হয়েছে। তাকে আটকানো সত্যিই খুব কঠিন।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন কাসেমিরো। তবে তিনি জানান, নিজের সিদ্ধান্তেই ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন। কারণ তিনি এমন একটি দলে খেলতে চেয়েছেন, যেখানে মেসির সঙ্গে মাঠ ভাগাভাগি করার সুযোগ থাকবে।

কাসেমিরো বলেন, ‘অনেক জায়গা থেকেই প্রস্তাব ছিল। কিন্তু আমি এমন জায়গাতেই আসতে চেয়েছি, যেখানে আমার আসার ইচ্ছা ছিল। সে জন্মগত বিজয়ী। আমি তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে চাই। সত্যি বলতে, তার সঙ্গে খেলতেই আমি এখানে এসেছি।’

মেসিকে নিয়ে নিজের মূল্যায়নে কাসেমিরো বলেন, ‘সে যদি ফুটবলের ঈশ্বর না-ও হয়, তবে ফুটবলের অন্যতম ঈশ্বর অবশ্যই। তার সঙ্গে খেলাটা আমি উপভোগ করতে চাই। আমরা একসঙ্গে আরও শিরোপা জিততে চাই। শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ব্যবধান খুবই সামান্য। তাই প্রতিটি প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে হবে।’

ইতোমধ্যে ইন্টার মায়ামির হয়ে অভিষেকও হয়ে গেছে কাসেমিরোর। গত সপ্তাহে দলের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন তিনি। আগামী কয়েকটি ম্যাচে প্রথমবারের মতো মেসির সঙ্গে একই দলে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন এই ব্রাজিলিয়ান। নতুন ক্লাবের হয়ে যত বেশি সম্ভব শিরোপা জিতেই নিজের নতুন অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চান তিনি।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল