বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি মনে করেন, মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তবে শুধু একজন খেলোয়াড়কে ঘিরে নয়, পুরো দল হিসেবেই ইংল্যান্ড নিজেদের শক্তিতে বিশ্বাস রাখছে।
বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পেয়েছে ইংল্যান্ড। সেই লক্ষ্য নিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি শেষ করেছে দলটি।
মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে পিকফোর্ড বলেন, সবাই স্বাভাবিকভাবেই তার কথাই বলবে। কারণ তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। কিন্তু ইংল্যান্ড দলেও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন। আক্রমণ, রক্ষণ এবং দল হিসেবে একসঙ্গে লড়াই করার শক্তি তাদের রয়েছে। মাঠে সেই সামর্থ্যই দেখাতে চান তারা।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ঘিরে অতীতের নানা ঘটনা নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে এসব বিষয় নিয়ে ভাবতে চান না পিকফোর্ড। তার মতে, এটি অন্য সব ম্যাচের মতোই একটি ফুটবল ম্যাচ। দুই দলের লক্ষ্যই জিতে ফাইনালে ওঠা। তাই তাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়।
ইংল্যান্ডের এই গোলরক্ষক বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলে জয় পাওয়া সম্ভব বলেই বিশ্বাস করেন তিনি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।
ম্যাচের ফল নির্ধারিত সময়ে না এলে অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি পর্যন্ত গড়াতে পারে। সেই সম্ভাবনাও মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। পিকফোর্ড জানিয়েছেন, ৯০ মিনিট, ১২০ মিনিট কিংবা পেনাল্টি যে পরিস্থিতিই আসুক না কেন, তার দল সবকিছুর জন্য প্রস্তুত। এখন মাঠের লড়াইয়েই নির্ধারণ হবে কে উঠবে বিশ্বকাপের ফাইনালে।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/টিএ



