Connect with us
ফুটবল

স্পেনের দাবানলে ক্ষতিগ্রস্তদের কোটি টাকার অনুদান দিলেন মেসি

Lionel Messi signed new contract with Inter Miami
স্পেনের দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি। ছবি: সংগৃহীত

স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন এবং দুর্গত মানুষের সহায়তার জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার মাদ্রিদ অঞ্চলের প্রধান ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই অনুদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিয়েরা ওয়েস্তের পুনর্গঠনে মেসির এই সহায়তার জন্য মাদ্রিদের মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে সুযোগ হলে তাঁকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানানোর কথাও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি ভয়াবহ দাবানলে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌর এলাকার প্রায় ৩০ হাজার হেক্টর বনভূমি ও বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। অনেকের বাড়িঘর, কৃষিজমি ও জীবিকার উৎস নষ্ট হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ায় পুনর্গঠনের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।



দুর্গত মানুষের জন্য অনুদান সংগ্রহে একটি বিশেষ ব্যবস্থা চালু করেছে মাদ্রিদ প্রশাসন। সেখানে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া যাচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৪৩ দফা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, করে ছাড় এবং অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ২ কোটি ইউরো ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে মেসির ভূমিকা নতুন নয়। তাঁর প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে শিশুদের চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন মানবিক কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনের সময় তিনি নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এর আগে ২০২০ সালে করোনা মহামারির শুরুতে তিনি বার্সেলোনার একটি হাসপাতাল এবং নিজের জন্মশহর রোসারিওর একটি চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিলেন। এবারও স্পেনের দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করলেন লিওনেল মেসি।

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল