
ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার মানুষের পাশে আছেন তিনি। একই সঙ্গে তাদের জন্য প্রার্থনাও করেছেন।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা। এতে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। বহু ভবন ধসে পড়েছে এবং অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়েছে। অনেক মানুষ এখনো নিখোঁজ স্বজনদের খুঁজছেন। উদ্ধারকাজও চলছে বিভিন্ন স্থানে।
চলমান বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে ভেনেজুয়েলার মানুষের উদ্দেশে নিজের বার্তা দেন মেসি। তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষের প্রতি ভালোবাসা ও শক্তির বার্তা পাঠাতে চাই। তারা যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা তা জানি। যারা কষ্টে আছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক শক্তি ও আন্তরিক প্রার্থনা রইল।’
ভেনেজুয়েলার এই দুর্যোগ নিয়ে এর আগেও প্রতিক্রিয়া জানিয়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ভূমিকম্পে একটি পা হারানো শিশু ভক্ত আন্দ্রেস মিলেসের একটি ইচ্ছা পূরণ করেন তিনি।
আন্দ্রেস চেয়েছিল বিশ্বকাপের সংগ্রহের জন্য রোনালদোর একটি সরকারি স্টিকার। রোনালদো শুধু সেই স্টিকারই পাঠাননি, শিশুটির উদ্দেশে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছেন। পাশাপাশি তাকে নিজের একটি ম্যাচ মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন। বার্তায় রোনালদো দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানান এবং তাকে সাহস ধরে রাখার আহ্বান জানান।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/টিএ




















