ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে চার বছরের দায়িত্ব শেষ হলো ব্রেন্ডন ম্যাককালামের। দায়িত্ব হারানোর পর তিনি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজগুলো জিততে না পারাই শেষ পর্যন্ত তার বিদায়ের অন্যতম কারণ।
রোববার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে ম্যাককালামকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ইংল্যান্ড ৪৯টি টেস্ট খেলেছে। এর মধ্যে ২৭টিতে জয় পেয়েছে দল, হেরেছে ২০টিতে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হার এবং সেই সিরিজের পর অধিনায়ক বেন স্টোকসের আকস্মিক অবসর, এই দুই বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তবে ম্যাককালাম আপাতত ইংল্যান্ডের সীমিত ওভারের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব হারানোর পর এজবাস্টনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ম্যাককালাম। তিনি জানান, সিদ্ধান্তটি তার জন্য হতাশার হলেও তিনি সেটিকে সম্মান করেন। তার ভাষায়, ক্রিকেটে শেষ পর্যন্ত ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ইংল্যান্ড প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি বলেই নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ম্যাককালাম বলেন, ইংল্যান্ডের লক্ষ্য ছিল ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় টেস্ট সিরিজ জেতা। কিন্তু চার বছরে সেই লক্ষ্য পূরণ হয়নি। তার অধীনে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি বড় সিরিজ খেলেও একটিতেও জিততে পারেনি ইংল্যান্ড। ঘরের মাঠে দুটি সিরিজ ড্র করলেও ভারতে ৪-১ ব্যবধানে হারে দল। সর্বশেষ অ্যাশেজেও অস্ট্রেলিয়ার কাছে একই ব্যবধানে সিরিজ হারতে হয়।
তবে এই সময়টাকে নিজের কোচিং জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলেই মনে করেন ম্যাককালাম। তিনি বলেন, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়া তার জন্য বড় সম্মানের বিষয় ছিল এবং দায়িত্ব পালনকালে তিনি সবসময় দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।
সবশেষে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী ফল এনে দিতে না পারায় তিনি দুঃখিত। একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেট নিয়ে আশাবাদও ব্যক্ত করেন ম্যাককালাম। তার বিশ্বাস, টি-টোয়েন্টি দল ভালো অবস্থায় আছে এবং ওয়ানডে দলেও উন্নতির সুযোগ রয়েছে। সামনে বিশ্বকাপকে লক্ষ্য করে আবারও শিরোপা জয়ের জন্য কাজ করে যেতে চান তিনি।
এদিকে, নতুন টেস্ট কোচ খুঁজতে ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ইসিবি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এই পদের অন্যতম দাবিদার।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/টিএ



