কোপা দেল রের মঞ্চে অপ্রত্যাশিত চাপে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্তরের দল তালাভেরার মাঠে দুইবার গোল হজম করেও ৩–২ ব্যবধানের জয় তুলে নিয়েছে শাবি আলোনসোর দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার রাতে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল রিয়ালের দখলে। তবে রোটেশন করা একাদশ নিয়ে নামায় কিছুটা কম আক্রমণাত্নক ছিল। দলের নিয়মিত খেলোয়াড় যারা তাদেরকে পরিবর্তন করে অন্যদের দিয়ে চেষ্টা করানো হয়। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অরেলিয়াঁ চুয়ামেনিকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ আলোনসো। গোলপোস্টেও নিয়মিত থিবো কোর্তোয়ার বদলে নামানো হয় আন্দ্রি লুনিনকে।
ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় রিয়াল। বক্সের ভেতরে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে স্পট কিক পায় সফরকারীরা। তারপর সহজেই সেটি গোল করেন এমবাপ্পে।
বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্রতিপক্ষ ডিফেন্ডার ফরান্দো। যার ফলে রিয়াল প্রথমার্ধ শেষ করে ২–০ ব্যবধানে।
এদিকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তালাভেরা। ৮০তম মিনিটে নাহুয়েলের জোরাল শটে ব্যবধান কমায় স্বাগতিকরা। এতে ম্যাচে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে চার মিনিটের মধ্যেই লিড আরও বাড়িয়ে নেয় এমবাপ্পে। বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই তারকা, যার ফলে আবার দুই গোলে এগিয়ে যায় রিয়াল।
যোগ করা অতিরিক্ত সময়ের গোল করে আবার ব্যবধান কমায় স্বাগতিকরা। প্রথম মিনিটেই গনসালোর গোলে ব্যবধান এক গোলে নামালেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তালাভেরা। ৩–২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ২৮। রিয়াল মাদ্রিদের জার্সিতে এটি তার মোট ৭২তম গোল।
কোপা দেল রেতে শেষ ষোলো নিশ্চিত করার পর এবার লা লিগায় ফিরবে রিয়াল। আগামী শনিবার ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হবে তারা।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/টিএ
