
রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েও নিজেদের সমর্থকদের মন পুরোপুরি জিততে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১টি গোল করলেও সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে ঘিরে দেখা দিয়েছে অসন্তোষ। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারি থেকে তার উদ্দেশে শিস ও দুয়ো ধ্বনি শোনা যায়।
রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমটি প্রত্যাশামতো না হওয়ায় সমর্থকদের হতাশা দিন দিন বাড়ছে। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে গুরুত্বপূর্ণ পরাজয়ের পর লিগ শিরোপার আশা শেষ হয়ে যাওয়ায় সেই ক্ষোভ আরও তীব্র হয়েছে। সমর্থকদের একাংশ মনে করছেন, দলের কঠিন সময়ে এমবাপ্পের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
চোট থেকে পুনর্বাসনের সময় এমবাপ্পের সার্ডিনিয়া দ্বীপে অবকাশ যাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়। অনেক সমর্থক বিষয়টিকে ভালোভাবে নেননি। তাদের মতে, ক্লাব যখন কঠিন সময় পার করছে, তখন এমন ব্যক্তিগত অবকাশ যাপন নেতিবাচক বার্তা দিয়েছে। এই ঘটনার পর অনলাইনে তাকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং অসন্তুষ্ট সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া আরও বাড়ে।
রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহামের গোলে ২-০ ব্যবধানে জয় পেলেও মাঠের বাইরের পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর। শুধু এমবাপেই নন, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন সমর্থকদের একটি অংশ। কিছু দর্শক তার পদত্যাগ দাবি করে ব্যানার প্রদর্শনের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তা সরিয়ে ফেলেন।
ম্যাচ শেষে সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে শান্তভাবেই জবাব দেন। তিনি বলেন, সমর্থকদের রাগ বা হতাশা ফুটবলেরই অংশ। জনপ্রিয় ক্লাব ও বড় খেলোয়াড়দের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তার মতে, এসব প্রতিক্রিয়া মেনে নিয়ে মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দিতে হবে।
ব্যক্তিগত সাফল্য থাকলেও দলীয় ব্যর্থতার কারণে এখন কঠিন বাস্তবতার মুখোমুখি এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সমর্থকদের আস্থা পুরোপুরি ফিরে পেতে হলে তাকে শুধু গোল করলেই হবে না, মাঠ ও মাঠের বাইরেও আরও বেশি দায়িত্বশীল উপস্থিতি দেখাতে হবে।
ক্রিফোস্পোর্টস/১৫মে২৬/টিএ























