Connect with us
ফুটবল

রোনালদো-মেসিদের কীর্তিতে নাম লেখালেন এমবাপ্পে

Mbappé has joined the ranks of Ronaldo and Messi with his achievement.
কিলিয়ান এমবাপ্পে। ছবি- গেটি

চ্যাম্পিয়ন্স লিগে আরও এক কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপ্পে। এক মৌসুমে গোল করার রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকাদের তালিকায় নাম লিখিয়েছেন এই ফরাসি তারকা।

গতকাল রাতে (৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। শুরুতে মাদ্রিদ ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের ৭৪তম মিনিটে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। শেষ পর্যন্ত ২-১ গোলেই হেরে যায় তারা। তবে হারের ম্যাচেও এক গোল করে ইতিহাসের এলিট তালিকায় নাম লিখিয়েছেন এমবাপ্পে।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল করেছেন এমবাপ্পে। তাতে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সপ্তম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে নবমবারের মতো কোনো খেলোয়াড় ১৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন।



রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রোনালদো একাই এই কীর্তিতে তিনবার নাম লিখিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়েই তিনবার এই কীর্তি গড়েছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ১৭ গোল করেন তিনি, যা এখনো আসরটির এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এরপর ২০১৫-১৬ মৌসুমে ১৬ গোল এবং ২০১৭-১৮ মৌসুমে ১৫ গোলের কীর্তি গড়েন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এই তালিকায় একবার নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০১১-১২ মৌসুমে বার্সেলোনার হয়ে ১৪ গোল করেন এই ফরোয়ার্ড। মেসি-রোনালদো ছাড়াও এই তালিকায় আছেন রুদ ফন নিস্তেলরয়, জোসে আলতাফিনি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমার মতো তারকারা।

এদিকে এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে বেনজেমা ও লেওয়ানডস্কিকে ছাড়িয়ে যাওয়ার। দুজনেই এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোলের কীর্তি গড়েছেন। তাদেরকে ছুঁতে আর এক গোল দরকার এমবাপ্পের এবং ছাড়িয়ে যেতে দরকার দুই গোল। অন্যদিকে রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড ছুঁতে আরও ৩টি গোল প্রয়োজন ২৭ বছর বয়সি এই তারকার।

আগামী ১৫ এপ্রিল দিবাগত রাতে ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে কমপক্ষে দুই গোলের ব্যবধানে ব্যবধানে জিততে হবে এমবাপ্পেদের।

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল