২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম কারিগর এমিলিয়ানো মার্তিনেজ। এবার তিনি আরেকটি মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। বিশ্বকাপের মঞ্চে গোলকিপারদের কীর্তি সাধারণত আলোচনায় আসে দুর্দান্ত সেভ কিংবা পেনাল্টি ঠেকানোর নৈপুণ্যে।
কিন্তু অন্য এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই ভেঙে দেবেন ৪৪ বছরের পুরোনো এক রেকর্ড।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলে আর্জেন্টাইন কিংবদন্তি উবালদো ফিল্লোলের রেকর্ড স্পর্শ করেন ‘দিবু’। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুজনেরই ম্যাচসংখ্যা এখন ১৩। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে একাদশে থাকলে ১৪ ম্যাচ নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বাধিক ম্যাচ খেলা গোলকিপার হয়ে যাবেন মার্তিনেজ।
২০২২ কাতার বিশ্বকাপ ও চলমান ২০২৬ আসর মিলিয়ে ১৩ ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। অন্যদিকে ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২—তিন বিশ্বকাপে সমান ১৩ ম্যাচ খেলেছিলেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী ফিল্লোল। দীর্ঘ ৪৪ বছর ধরে অক্ষত সেই রেকর্ড এবার এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় মার্তিনেজ।
এই যাত্রায় তিনি পেছনে ফেলেছেন সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচ খেলেছিলেন রোমেরো। তালিকায় এরপর আছেন নেরি পুম্পিদো, যার ম্যাচসংখ্যা ৯।
বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে ১৯ জন গোলকিপার মাঠে নামলেও ফিল্লোল ও মার্তিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি আর কেউ।
তবে দিবুর এই অর্জন শুধুই পরিসংখ্যান নয়। ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্তিনেজ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৬/এজে



