Connect with us
ফুটবল

দাপুটে জয়ে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

Manchester city
ফাইনালে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত

প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য প্রায় ঠিক করে ফেলে ম্যানচেস্টার সিটি। তিন গোলের ঝড়ে নিউক্যাসল ইউনাইটেডকে চাপে ফেলে দিয়ে শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জিতে লিগ কাপের ফাইনালে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল। দুই লেগ মিলিয়ে সিটির জয় ৫–১।

বুধবার রাতের ইতিহাদ স্টেডিয়াম ছিল একপেশে ফুটবলের সাক্ষী। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। বাম দিক দিয়ে বক্সে ঢুকে ওমার মার্মাউশ শট নেওয়ার মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়লেও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল দিয়ে দেন জালে।

গোলের পরও থামেনি স্বাগতিকরা। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্মাউশ। বাঁ প্রান্ত থেকে অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস কিরান ট্রিপিয়ার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে সুযোগ নেন মিশরীয় ফরোয়ার্ড। কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।



তিন মিনিট পরই স্কোরলাইন ৩–০। বক্সের ভেতর নিচু শটে গোল করেন টিজানি রেইন্ডার্স। সেই মুহূর্তে দুই লেগ মিলিয়ে ৫–০ ব্যবধানে এগিয়ে যায় সিটি, মূলত ফাইনালের দরজা খুলে যায় তাদের সামনে।

বিরতির পর কিছুটা গতি বাড়ায় নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। ডান দিক থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে বক্সে ঢুকে আরেকজনকে কাটিয়ে বল পাঠান জালে। তবে সেটিই ছিল তাদের সান্ত্বনা গোল।

পরের কয়েক মিনিটে সফরকারীরা আরও কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ঘাটতি ছিল। অন্যদিকে বদলি নেমে আর্লিং হলান্ড ম্যাচের শেষ দিকে দুবার গোলের কাছাকাছি গিয়েও সফল হননি। নিউক্যাসল গোলরক্ষক দুবারই বাধা হয়ে দাঁড়ান।

২০২১ সালের পর এই প্রথম লিগ কাপের ফাইনালে উঠল সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। মৌসুমের মাঝপথে এসে আরেকটি ট্রফির খুব কাছে পৌঁছে গেল গুয়ার্দিওলার দল।

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল