পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন লিটন। আর পুরো সিরিজে ধারাবাহিক ব্যাটিং করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিক।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। নিচের সারির ব্যাটারদের নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের রান বাড়ান তিনি।
১৫৯ বলে ১২৬ রানের দারুণ ইনিংস খেলেন লিটন। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংসেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রান তুলতে বড় অবদান ছিল তার।
দ্বিতীয় ইনিংসেও দায়িত্বশীল ব্যাটিং করেন লিটন। দলের প্রয়োজনের সময়ে করেন গুরুত্বপূর্ণ ৬৯ রান। শুধু ব্যাট হাতেই নয়, উইকেটের পেছনেও ছিলেন দারুণ সফল। পুরো ম্যাচে তিনি নিয়েছেন ৪টি ক্যাচ।
ব্যাটিং ও উইকেটরক্ষায় সামগ্রিক অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ম্যাচে তিনিই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা।
অন্যদিকে পুরো সিরিজজুড়ে ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস। ২৩৩ বল মোকাবিলা করে ১২টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি।
মিরপুর টেস্টেও ব্যাট হাতে অবদান ছিল মুশফিকের। সেখানে করেছিলেন গুরুত্বপূর্ণ একটি অর্ধশতক। দুই টেস্ট মিলিয়ে তার সংগ্রহ ২৫৩ রান। ধারাবাহিক ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২০মে২৬/টিএ



