Connect with us
ক্রিকেট

ডিপিএল মাঠে ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

Mahmudullah credits Tamim for bringing the DPL back on track.
মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

যথাসময় মাঠে গড়ায়নি এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বোর্ড ও ক্লাবগুলোর দ্বন্দ্বে গত কয়েক মাস ধরেই অচল ছিল দেশের ঘরোয়া ক্রিকেট। অবশেষে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব নেওয়ার কিছুদিনের মাথায়ই বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর দ্বন্দ্ব মিটেছে৷ তাতে ফের মাঠে গড়াচ্ছে ডিপিএল।

আগের বোর্ড অনেকবার চেষ্টা করেও ক্লাবগুলোর সঙ্গে দ্বন্দ্ব মেটাতে পারেনি। যার ফলে ঝুলে ছিল ডিপিএল শুরুর সময়। তবে তামিমের বোর্ডের এই সমস্যার সমাধান করে দ্রুতই ডিপিএল মাঠে ফেরানোর ব্যবস্থা নিয়েছে। যার ফলে তামিককে কৃতিত্ব দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ শনিবার (১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম কার্যালয়ে শুরু হয়েছে ডিপিএলের দলবদল অনুষ্ঠান। সেখাবে সশরীরে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহ। এ সময় তিনি বলেন, ‘এটার কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে।’



ডিপিএলের মধ্য দিয়ে দেশের অনেক ক্রিকেটারের রুটি-রুজির ব্যবস্থা হয়ে থাকে। এই ক্রিকেটারদের বড় আয়ের উৎস, বিশেষ করে যারা জাতীয় দলের বাইরে আছেন। তবে ক্রিকেটাররা মাঠে ফিরতে পারছেন তাতেই বেশ খুশি মাহমুদউল্লাহ, ‘অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস। তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। আমাদের জন্য মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু হয়না।’

তিনি আরও বলেন বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের মতো ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

আজ দলবদল অনুষ্ঠান থেকে মাহমুদউল্লাহকে কিনে নিয়েছে প্রাইম ব্যাংক। সাধারণত প্রতি বছর মার্চে এই টুর্নামেন্ট শুরু হলেও এবার দুই মাস পিছিয়েছে। আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে লিস্ট ‘এ’ ক্রিকেটের এই প্রতিযোগিতা।

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট