
বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের অবদান অনেক। ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে জাতীয় দলকে বিদায় জানালেও দেশের ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। এবার টাইগার যুবাদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন উউর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম।
কয়েকদিন আগেই জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এবার মাহমুদউল্লাহকে যুব দলের মেন্টরের দায়িত্ব দেয়া হয়েছে। সাবেক এই ক্রিকেটাররা কোচিং পেশায় গেলে তরুণরা অনেক কিছু শিখতে পারবে। সেই লক্ষ্যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান বিসিবির ওই কর্মকর্তা।
তিনি বলেন, আব্দুর রাজ্জাক-মাহমুদউল্লাহরা দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। উনারা কোচিং পেশায় থাকলে দেশের তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে। এ কারণে রাজ্জাককে এইচপির স্পিন কোচ এবং মাহমুদউল্লাহকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর করা হয়েছে।
মাহমুদউল্লাহর দায়িত্ব নিয়ে তিনি বলেন, যুবাদের ক্যাম্প হলে সাতদিন ক্যাম্পে থেকে ছেলেদের শেখাবেন মাহমুদউল্লাহ। দেশে বা বিদেশে খেলা থাকলে তখন তিনি দলের সঙ্গে থাকবেন। দেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে শেখার চেষ্টা করবে।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। তবে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি যুবাদের সঙ্গে কাজ করবেন এই অলরাউন্ডার। এই বিষয়ে উভয়পক্ষের সমঝোতা হয়েছে। জানা গেছে, ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুবাদের মেন্টর হিসেবে কাজ করতে পারেন মাহমুদউল্লাহ।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/বিটি



















