
দীর্ঘ ৮ বছরের বিরতির পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। পুরনো ডেরা লাহোর কালান্দার্সেই ঠাঁই হয়েছে এই কাটার মাস্টারের। আসন্ন আসরের নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে ফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে বিশ্বমানের এই পেসারকে পুনরায় দলে ভিড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। এক ভিডিও বার্তায় তিনি মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটের বড় নাম হিসেবে অভিহিত করে বলেন, ‘ফিজকে পাওয়া সৌভাগ্যের’।
পুরনো সম্পর্কের নতুন অধ্যায়
মুস্তাফিজের সঙ্গে লাহোরের সম্পর্কটা বেশ পুরনো। পিএসএলের শুরুর দিকেই তাকে দলে নিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সামিন রানা স্মৃতিচারণ করে বলেন, ‘১০ বছর আগে যখন পিএসএল শুরু হয়, গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সের প্রথম পছন্দ ছিলেন মুস্তাফিজ। সে সময় এনওসি সংক্রান্ত জটিলতায় তিনি আসতে না পারলেও দুই বছর পর (২০১৮ সালে) আমাদের হয়ে খেলেছিলেন। তাকে দলে পাওয়া যেকোনো দলের জন্যই সম্মানের।’
কেন মুস্তাফিজকে বেছে নিল লাহোর?
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কেড়েছে সবার। বিশেষ করে ডেথ ওভারে তার কার্যকারিতা লাহোরকে নতুন করে ভাবিয়েছে। সামিন রানার মতে, ‘মুস্তাফিজ যখনই পিএসএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তখনই তাদের লক্ষ্য ছিল তাকে দলে ভেড়ানো।’
তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে মুস্তাফিজ যেভাবে পারফর্ম করছেন, তা অসাধারণ। এমন একজন খেলোয়াড়কে দলে পাওয়া আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং ভালোবাসা অনেক পুরোনো।’
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৬/এসএ



























