
ক্রিকেট মাঠেই মৃত্যু হলো ভারতের ক্রিকেটার লোকেশ রাহুল–এর সাবেক সতীর্থ এস এল অক্ষয়ের। কর্ণাটকের একটি ডিভিশন লিগ ম্যাচ খেলতে নেমে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
২৪ মে কর্ণাটকে একটি স্থানীয় লিগ ম্যাচে খেলছিলেন অক্ষয়। তিনি একজন পেস বোলার ছিলেন। ম্যাচে চার ওভার বলও করেন। পরে স্লিপে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন। মাথা ঘুরতে শুরু করলে মাঠের বাইরে চলে যান তিনি।
মাঠ ছাড়ার পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অক্ষয়ের মৃত্যুতে শোক নেমে এসেছে কর্ণাটক ক্রিকেটে। ভারতের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই অক্ষয়কে খুব কাছ থেকে দেখেছেন। শান্ত স্বভাবের এই ক্রিকেটারের মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
২০১১-১২ মৌসুমে কর্ণাটকের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন অক্ষয়। পরে ২০১৪-১৫ মৌসুমে রঞ্জি ট্রফি জয়ী কর্ণাটক দলেও ছিলেন তিনি। যদিও মূল একাদশে সুযোগ পাননি। সেই দলে ছিলেন রবিন উথাপ্পা, মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা।
পরবর্তীতে কর্ণাটক দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় আঞ্চলিক ক্রিকেটেই খেলছিলেন অক্ষয়। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজও শুরু করেছিলেন। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
তার হঠাৎ মৃত্যুতে ভারতের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/টিএ






















