
সিলেট টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে পাকিস্তান। প্রথম দিন শেষে ২৫৭ রান পিছিয়ে আছে সফরকারীরা।
প্রথম ইনিংসে এই পুঁজি নিয়েও লিডের আশা হারাচ্ছে না বাংলাদেশ। বোলাররা ভালো করতে পারলে এবং আউটফিল্ড স্লো হওয়ায় এই জায়গা থেকেও লিড পাওয়া সম্ভব বলে মনে করেন লিটন। তবে পাকিস্তানের চোখ চারশ রানে। সফরকারী পেসার খুররম শেহজাদ মনে করেন, এই পিচে পাকিস্তানের ব্যাটাররা ভালো করবে।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বোলারদের অনেক দায়িত্ব বাকি আছে। আমাদের একটা প্লাস পয়েন্ট হলো আউটফিল্ড অনেক স্লো। বাউন্ডারির জন্য অনেক জোরে মারা লাগে। সকালে যে উইকেট ছিল, আস্তে আস্তে কিছুটা ভালো হয়ে গেছে। তাই বোলারদের ভালো করতে হবে।’
সিলেটের কন্ডিশনে আবহাওয়ার সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে চান লিটনরা, ‘আমরা তো চেষ্টা করবই যেন লিড নিতে পারি। সিলেটের উইকেট কিন্তু আস্তে আস্তে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। সকালে আবহাওয়া মেঘলা থাকলে শুরুর ১০ ওভার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ওখান থেকে যদি ১-২টি উইকেট নিতে পারি, তাহলে ওরা চাপে থাকবে।’
এদিকে খুররম শেহজাদ মনে করে ব্যাটিংয়ের জন্য সিলেটের পিচ ঢাকার চেয়ে ভালো। তাই এই উইকেটে চারশ রানে চোখ তাদের। খুররম বলেন, ‘এই পিচ ঢাকার চেয়ে ভিন্ন। এটা ব্যাটিংয়ের জন্য ভালো পিচ। এখানে বোলিংয়েও সহায়তা পাওয়া যায়। আবার উইকেটেও বাউন্স ছিল। আশা করি এখানে আমরা ৪০০ থেকে ৪৫০ রান করতে পারব।’
এদিন সিলেটে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার। ১১৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর টেল-এন্ডারের ব্যাটারদেএ নিয়ে বেশ কয়েকটি জুটি গড়েন লিটন। শেষ পর্যন্ত তার ১২৬ রানের ইনিংসে ভর করে ২৭৮ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৬/বিটি



















