
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ (বুধবার) চট্রগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার কথা ছিল টাইগারদের। এই ম্যাচে কিউইদের হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হতো লিটনদের। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে।
দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। যারা এই টানা বৃষ্টির মধ্যে মাঠে খেলা দেখতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করছিলেন খেলা শুরুর জন্য। তবে শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি খেলা।
লিটন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আজ চট্টগ্রামে শেষ হাসিটা হেসেছে বৃষ্টি। আমি সমর্থকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, যাদের একটানা বৃষ্টি উপেক্ষা করে মাঠে এসেও খেলা না দেখে খালি হাতে ফিরতে হয়েছে।’
গতকাল থেকেই চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। যে কারণে নির্ধারিত সময় দেড়টায় টস হয়নি। তারপর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকেন খেলোয়াড়েরা। তবে বৃষ্টি না থামায় ওভারও কমতে থাকে। বিকাল ৪টা ৫০-এর মধ্যে খেলা শুরু হলে অন্তত ৫ ওভার করে খেলা হতো। তবে টানা বৃষ্টিতে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
চট্টগ্রামের এটাই ছিল শেষ ম্যাচ। এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলতে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে কোনো বাধাহীন পূর্ণ একটি ম্যাচের প্রত্যাশা করেছেন লিটন এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে প্রস্তুত তার দল। লিটন আরও লিখেছেন, ‘ঢাকায় পূর্ণ একটি ম্যাচের আশায় রইলাম। ছেলেরা জয়ের জন্য প্রস্তুত।’
আগামী শনিবার (২ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/বিটি



















