
বাংলাদেশ জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন কুমার দাস। চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শততম ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের জার্সিতে ৯৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লিটন। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম ওয়ানডে দিয়ে ৯৯তম ম্যাচ ছুঁয়েছেন এই ব্যাটার। এবার দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামলেই শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এই তারকা ব্যাটার।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩ জন খেলোয়াড় শততম বা তার বেশি ম্যাচ খেলার কীর্তি অর্জন করেছেন। ফলে ১৪তম ক্রিকেটার হিসেবে লাল-সবুজের জার্সিতে শততম ম্যাচ খেলার কীর্তি অর্জন করতে চলেছেন লিটন।
অবশ্য ওয়ানডে দলের হয়ে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজই। একশোর বেশি ম্যাচ খেলেছেন। মুস্তাফিজ এখন পর্যন্ত ১১৯টি ওয়ানডেতে অংশ নিয়েছেন। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে যান এই পেসার। আর ওয়ানডে অধিনায়ক মিরাজ ১১৮টি ওডিআই খেলেছেন।
শততম টেস্ট খেলার দৌড়ে লিটনের পরেই আছেন তাসকিন আহমেদ। লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলেছেন এই পেসার। তবে শততম ম্যাচ ছুঁতে আরও সময় লাগবে এই তারকার। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আশির ঘরে পা রাখার সুযোগ আছে সৌম্য সরকারের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৯টি ওয়ানডে খেলেছেন এই তারকা ব্যাটার।
আগামী সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে লিটনের মাইলফলকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের।
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৬/বিটি



















