টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও ঘরোয়া ক্রিকেটে কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। তিন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের মোট আর্থিক মূল্যমান প্রায় আড়াই কোটি টাকা, যেখানে ম্যাচ ফি ও প্রাইজমানি অন্তর্ভুক্ত রয়েছে।
ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে তিন দলের নাম, অধিনায়ক ও কোচিং স্টাফ। ‘ধূমকেতু’ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। ‘দূর্বার’ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। আর ‘দূরন্ত’ দলের নেতৃত্বে থাকছেন আকবর আলী। দলটির কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।
এই টুর্নামেন্টে নতুনত্ব হিসেবে রাখা হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। আইপিএলের আদলে ম্যাচ চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে একজন খেলোয়াড়ের পরিবর্তে আরেকজনকে নামানোর সুযোগ পাবে দলগুলো। কৌশলগত দিক থেকে এটি ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। লিগ পর্বের ম্যাচগুলো হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ফাইনাল নির্ধারিত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
দর্শকদের জন্য টিকিটের মূল্যও নির্ধারণ করেছে বিসিবি। দর্শকরা যাতে কম খরচে খেলা দেখতে পারে সেই চিন্তা থেকে পূর্ব গ্যালারির টিকিট ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২০০ টাকা। ক্লাব হাউসের জন্য ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট রাখা হয়েছে ১০০০ টাকা।
বিশ্বকাপ না থাকলেও মাঠের ক্রিকেটে ব্যস্ততা ধরে রাখতেই এই উদ্যোগ এমনটাই জানাচ্ছে বিসিবি সূত্র। এখন দেখার বিষয়, নতুন নিয়ম আর তারকাবহুল তিন দলের লড়াই কতটা জমিয়ে তুলতে পারে ঘরোয়া টি-টোয়েন্টির এই বিশেষ আসর।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/টিএ
